https://www.prothomalony.com/
15956
north-america
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় খোয়াই থিয়েটার কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক সুকান্ত গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও যুক্তরাজ্যপ্রবাসী মো. আব্দুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে ছালাম, খোয়াই থিয়েটারের সহসভাপতি সাইফুর রহমান পাপলু, সংস্কৃতিকর্মী ও প্রকৌশলী আশরাফুল আলম সুহেল, যুগ্ম সম্পাদক মো. মুক্তাদির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, দপ্তর সম্পাদক ওসমান গণি রুমী, রাজন দাশ রাজুসহ অন্যরা।
স্মরণসভায় প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের কর্ম ও জীবন নিয়ে আলোচনা করা হয়। তার জীবন ও সাহিত্যকর্ম পাঠ করেন প্রভাষক সুকান্ত গোপ।
অনুষ্ঠানে সেলিম আল দীনের রচিত গান পরিবেশনের পাশাপাশি খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা ভাব-তরঙ্গে দীনহীন নাটকের অংশবিশেষ মঞ্চস্থ করা হয়। এতে অভিনয় করেন তাওহীদ বিন আজাদ, রেদুয়ান বিন আজাদ, ইয়াছিন মাহমুদ, মো. আরিফ, হাসান মাহমুদ, সন্ধি ও সুমি দাশ গুপ্তসহ অন্যরা। আলোক পরিকল্পনায় ছিলেন অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ।
স্মরণসভা শুরুর আগে সেলিম আল দীনের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন