https://www.prothomalony.com/
15907
north-america
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬ ০১:০৯
ম্যানচেস্টার–সিলেট রুট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নেবট্রার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার থেকে সিলেট রুটের ফ্লাইট বন্ধের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ব্রিটেনের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা)। একই সঙ্গে রুটটিতে নিয়মিত ফ্লাইট চালু রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
নেবট্রা জানায়, আগামী মার্চ থেকে ম্যানচেস্টার–সিলেট রুটের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) লিভারপুল শহরের ঐতিহাসিক আবদুল্লাহ কুইলিয়াম সেন্টারে আয়োজিত নেবট্রার সমাবেশে বক্তারা বাংলাদেশ সরকার ও বিমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড অঞ্চলে বসবাসরত বিপুলসংখ্যক সিলেটি ও বাংলাদেশি যাত্রীদের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লাইট বন্ধ হলে যাত্রীদের ভোগান্তি বহুগুণে বাড়বে।
নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ফারুক যোশী ও মোহাম্মদ জুনেদ আহমেদ। আরও বক্তব্য দেন সহসভাপতি শিপার আহমেদ, তৈয়বুর রহমান শ্যামল ও শাহ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আলী, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহদপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মিজান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিজানুর রহমান লিটু, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, আমিন বাবর চৌধুরী, লিয়াকত আহমেদসহ অন্যরা।
বক্তারা একই সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং সেখানে সব ধরনের বিদেশি এয়ারলাইনসের অবতরণের সুযোগ দেওয়ার দাবিও জানান।
অনুষ্ঠানে লিভারপুল বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে নেবট্রা নেতাদের স্বাগত জানান মুজাহিদুর রহমান, শফিক মিয়া, আবদুল মন্নান, জিয়াউর রহমান রুবেল ও ক্যাপ্টেন সাগর আহমদ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন