https://www.prothomalony.com/
15882
north-america
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ০১:৩৯
আটলান্টিক সিটিতে চার ধর্মগ্রন্থে হাত রেখে সুব্রত চৌধুরীর শপথ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে তৃতীয় মেয়াদে নির্বাচিত বাংলাদেশি আমেরিকান সদস্য সুব্রত চৌধুরী অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পবিত্র চার ধর্মগ্রন্থে হাত রেখে শপথ গ্রহণ করেছেন।
গত ৬ জানুয়ারি সন্ধ্যায় আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সভাকক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। এ সময় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ—কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটকে হাত রেখে তিনি শপথ গ্রহণ করেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। শপথ অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে সুব্রত চৌধুরী স্কুল বোর্ডের সভায় অংশ নেন। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় সুব্রত চৌধুরী বলেন, যে অসাম্প্রদায়িক চেতনা অন্তরে লালন করে আমি বড় হয়েছি, শপথ অনুষ্ঠানে তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছি। ধর্ম নিয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ এই পৃথিবীতে যে হানাহানি চলছে, তার বিরুদ্ধে এটি আমার একটি নীরব প্রতিবাদ।
তিনি আরও বলেন, গত নির্বাচনে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতেই এই ক্ষুদ্র প্রয়াস।
সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। তিনি পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা, স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। ২০১২ সালে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসেন। বর্তমানে তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টে হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট হিসেবে কর্মরত।
যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইতোমধ্যে একাধিক পুরস্কারও লাভ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি সুব্রত চৌধুরী একজন সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ছড়া ও গল্প লেখেন, অনুবাদক হিসেবেও পরিচিত। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ছড়ার বই ‘বিশ্ব বেহায়া’ এবং রূপকথার বই ‘আতু বুতু কাতু কুতু’। আবৃত্তিশিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ এবং এনএএসিপি–এর সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আমেরিকা–বাংলাদেশ প্রেস ক্লাবেরও একজন সদস্য।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ”–এর সদস্য হিসেবে টানা তৃতীয় মেয়াদে আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবনে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী ও দুই সন্তান অর্ঘ্য চৌধুরী এবং অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করছেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আটলান্টিক সিটির কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ, প্যাটিসিয়া বেইলি, ষ্টিফেনি মার্শাল, প্রাক্তন কাউন্সিলর এম আনজুম জিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সম্পাদক জাকিরুল ইসলাম খোকা,ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বেংগল ক্লাবের সভাপতি আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল সরকার, সহ-সভাপতি জয়দেব কর্মকার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সৈয়দ শহীদ, শাহরিয়ার আহমেদ, মাহমুদ শাহ, রফিক ইসলাম মাহমুদ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরী বিপুল ভোটে বিজয় লাভ করেন। আগামী তিন বছর তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন