https://www.prothomalony.com/

15878

north-america

উত্তর আমেরিকা

আশ্রয়কেন্দ্র ও কারাগারে মানবিক পরিবেশ ফেরাতে নির্বাহী আদেশ মামদানির

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬ ০১:২৭

আশ্রয়কেন্দ্র ও কারাগারে মানবিক পরিবেশ ফেরাতে নির্বাহী আদেশ মামদানির

দায়িত্ব নেওয়ার প্রথম পূর্ণ সপ্তাহেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আশ্রয়কেন্দ্র ও কারাগারের স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে দুটি নির্বাহী আদেশ জারি করেছেন। একই সঙ্গে তিনি শহরের কারাগারগুলোতে একাকী বন্দিত্ব (সলিটারি কনফাইনমেন্ট) বন্ধে একটি স্থানীয় আইন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

সোমবার জারি করা এক আদেশে রাইকার্স আইল্যান্ডসহ নগরীর কারাগারগুলোতে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা সাময়িকভাবে বহাল রাখা হলেও, আগামী ৪৫ দিনের মধ্যে স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক বিধি মেনে চলার একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। 

এক বিবৃতিতে মেয়র মামদানি বলেন, আগের প্রশাসনের আইনি দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে কারাগারগুলোর পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা সংশোধনে সময় লাগবে।

আরেক নির্বাহী আদেশে আশ্রয়কেন্দ্র পরিচালনায় আগের মেয়র এরিক অ্যাডামসের সময় নেওয়া জরুরি সিদ্ধান্তগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিবাসী সংকট মোকাবিলায় যে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল, যার মধ্যে আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা সীমা ও পরিবারগুলোর জন্য রান্নার সুবিধা বাধ্যতামূলক করার নিয়ম ছিল, সেগুলো পুনর্বহালের পরিকল্পনা করতে বলা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে মেয়রের কাছে এ সংক্রান্ত বিস্তারিত রূপরেখা জমা দিতে হবে।

আইনি সহায়তা সংস্থা লিগ্যাল এইড সোসাইটি ও কোয়ালিশন ফর দ্য হোমলেস যৌথভাবে আদেশকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, আশ্রয়প্রার্থী কমে যাওয়ায় জরুরি কাঠামো আর প্রয়োজনীয় নয়।

রাইকার্স আইল্যান্ড ২০২৭ সালের আগস্টের মধ্যে বন্ধ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে সেখানে প্রায় ৭ হাজার বন্দী রয়েছে। গত বছর হেফাজতে বা মুক্তির পর ১৪ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

মেয়র মামদানি আরও জানিয়েছেন, ২০২৩ সালে পাস হওয়া একাকী বন্দিত্ব নিষিদ্ধকারী আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ফেডারেল মনিটরের সঙ্গে কাজ করতে হবে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই একাকী বন্দিত্ব বন্ধের দাবি জানিয়ে আসছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন