https://www.prothomalony.com/

15850

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্পের এবারের টার্গেট কলম্বিয়া, হুঁশিয়ারি দিলেন কিউবাকেও

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ০৭:১০

ট্রাম্পের এবারের টার্গেট কলম্বিয়া, হুঁশিয়ারি দিলেন কিউবাকেও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সামরিক অভিযানে সস্ত্রীক আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর এবার সরাসরি কলম্বিয়াকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার সরকারও পতনের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার রাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, কলম্বিয়া গভীর সংকটে রয়েছে। দেশটি এমন একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি কোকেন উৎপাদন ও তা যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত থাকতে পছন্দ করেন। এ ধরনের নেতৃত্ব বেশিদিন টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু না বললেও মন্তব্য করেন, এমন ধারণা ‘শুনতে ভালোই লাগে’। এতে কলম্বিয়াকে ঘিরে মার্কিন কঠোর অবস্থানের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।

কিউবার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, দেশটিতে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম। তার দাবি, কিউবা এমনিতেই ভেঙে পড়ার পথে রয়েছে। কিউবার অর্থনীতির বড় অংশ নির্ভর করত ভেনেজুয়েলা থেকে পাওয়া আয়ের ওপর, বিশেষ করে জ্বালানি তেল থেকে। ভেনেজুয়েলার সঙ্গে সেই সম্পর্ক দুর্বল হয়ে যাওয়ায় কিউবার আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে।

এর আগে গত শনিবার রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় বড় পরিসরে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ডেল্টা ফোর্সসহ মার্কিন বিশেষ বাহিনী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর নিরাপদ আবাসস্থল থেকে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।

পরে প্রায় দুই হাজার একশ মাইল পথ পাড়ি দিয়ে নৌ ও আকাশপথে তাদের নিউইয়র্কে নেওয়া হয়। মাদক পাচারসংক্রান্ত অভিযোগে মাদুরো দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার শুরুর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার তাদের আদালতে তোলার কথা রয়েছে।

ভেনেজুয়েলার পর কলম্বিয়া ও কিউবাকে ঘিরে ট্রাম্পের এই বক্তব্য লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন