https://www.prothomalony.com/
15849
north-america
যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আদালতের মুখোমুখি করা হচ্ছে। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হাজির করা হবে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভেনেজুয়েলায় পরিচালিত এক বিশেষ অভিযানের মাধ্যমে শনিবার মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিউইয়র্কে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদক পাচার ও অবৈধ অস্ত্র সরবরাহের অভিযোগ এনে আসছে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার এই নেতা।
নিউইয়র্কের আদালত সূত্র জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুরে মাদুরো দম্পতিকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফেডারেল বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হবে।
এদিকে, ভেনেজুয়েলার আদালতের নির্দেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তবে তাকেও সতর্ক অবস্থানে থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি ‘সঠিক পথে না চলেন’, তবে তাকে মাদুরোর চেয়েও কঠিন পরিণতির মুখে পড়তে হতে পারে। মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের বিরোধিতা করায় এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, মাদুরো আটক হওয়ার পরদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেন, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে জড়ায়নি। তিনি জানান, দেশটির অন্য নেতারা যদি সহযোগিতার পথ বেছে নেন, তাহলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি দাবি করেন, তেলের স্বার্থে মাদুরোকে আটক করা হয়নি, যদিও ভেনেজুয়েলার তেল খাতে পশ্চিমা কোম্পানিগুলোর আগ্রহের কথা স্বীকার করেন।
এদিকে, ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দাবি করেছেন, মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্রের অভিযানে তার নিরাপত্তা দলের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তবে তিনি নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি।
অন্যদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সিএনএনের বরাতে জানা গেছে, তাদের আঘাত গুরুতর ছিল না।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন