https://www.prothomalony.com/
15730
north-america
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ ০২:৫৫
নর্থ ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহরে শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নর্থ ইংল্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রাডফোর্ড শহরের একটি কমিউনিটি সেন্টারে এই নাগরিক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন তারেক। সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও আসগর খানের যৌথ সঞ্চালনায় এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ব্রাডফোর্ড সিটি কাউন্সিলর ইসমাইল উদ্দিন, কমিউনিটি নেতা আনোয়ার আলী জিতু, মঞ্জুর আহমদ, জাহাঙ্গীর আলম, সাংবাদিক নেতা এম জি কিবরিয়াসহ আরও অনেকে।
বক্তারা শহীদ ওসমান হাদীকে ‘আধিপত্যবিরোধী আন্দোলনের বীর যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় আধিপত্যবাদী শক্তি ও তাদের বাংলাদেশি সহযোগীদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তাদের আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা ভারত ও তাদের বাংলাদেশি সমর্থকদের বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় দেশের দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও সতর্ক করেন তারা।
সমাবেশ শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন