https://www.prothomalony.com/

15675

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভিসা অনিশ্চয়তায় ভুগছেন ৯০ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৪

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা মারাত্মকভাবে বেড়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের স্টুডেন্ট ভিসার ভবিষ্যৎ নিয়ে মাঝারি থেকে অত্যন্ত মাত্রার উদ্বেগে ভুগছেন। বিপরীতে, মাত্র ৪ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রে নিজেদের খুব বা অত্যন্ত নিরাপদ বোধ করেন।

বৈষম্যবিরোধী সংগঠন স্টপ এএপিআই হেইট পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ৮৭ জন আন্তর্জাতিক শিক্ষার্থী অংশ নেন। জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতি, হঠাৎ ভিসা বাতিল, নজরদারি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আটক ও বহিষ্কারের ঘটনা ক্যাম্পাসজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।

জরিপে আরও উঠে এসেছে, ৮৮ শতাংশ শিক্ষার্থী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কমিয়েছেন এবং ৮৬ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মত প্রকাশ সীমিত করেছেন। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, কোন কথা বা কর্মকাণ্ড তাদের ভিসা ঝুঁকিতে ফেলতে পারে—এই দুশ্চিন্তায় তারা আত্মনিয়ন্ত্রণে বাধ্য হচ্ছেন।

বিশেষ করে চীনা শিক্ষার্থীদের মধ্যে নজরদারি ও নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত হওয়ার ভয় বেশি বলে জরিপে উল্লেখ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি পাওয়া, এইচ-ওয়ানবি ভিসা ও অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) সংক্রান্ত অনিশ্চয়তাও শিক্ষার্থীদের উদ্বেগ বাড়াচ্ছে।

এ অবস্থায় অনেক শিক্ষার্থীই যুক্তরাষ্ট্রকে আর নিরাপদ বা সহায়ক শিক্ষাগন্তব্য হিসেবে সুপারিশ করতে পারছেন না বলে জানিয়েছেন। জরিপ প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা ও স্পষ্ট দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন