https://www.prothomalony.com/

15674

north-america

উত্তর আমেরিকা

একা আসা অভিবাসী শিশুদের দেশে ফেরাতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮

যুক্তরাষ্ট্রে একা সীমান্ত পেরিয়ে আসা অনিবন্ধিত শিশুদের দ্রুত নিজ নিজ দেশে ফিরে যেতে চাপ দিচ্ছে দেশটির সীমান্ত কর্মকর্তারা—এমন তথ্য উঠে এসেছে একটি ফেডারেল নথিতে। নথিতে বলা হয়েছে, দেশে ফেরার আবেদন না করলে শিশুদের দীর্ঘ সময় আটক রাখা হতে পারে এবং তাদের যুক্তরাষ্ট্রে থাকা স্বজনরাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন।

আদালতে দাখিল করা ওই নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রথম কয়েক দিনের মধ্যেই কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) হেফাজতে থাকা শিশুদের সামনে একটি তথাকথিত ‘অ্যাডভাইজাল’ উপস্থাপন করা হয়। এতে সতর্ক করে বলা হয়, অভিবাসন আদালতে শুনানি চাইলে বা নিজ দেশে ফিরতে ভয় প্রকাশ করলে দীর্ঘমেয়াদি আটক, স্বজনদের গ্রেপ্তার বা বহিষ্কারের আশঙ্কা রয়েছে।

এই নীতির তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন। তিনি একে ‘ভয়ভীতি প্রদর্শনমূলক ও নিষ্ঠুর’ উল্লেখ করে বলেন, শিশুদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের আইনি সুরক্ষা ও অধিকার থেকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। অভিবাসন অধিকারকর্মীরাও অভিযোগ করেছেন, স্বেচ্ছায় দেশে ফিরলে ভবিষ্যতে বৈধ ভিসার সুযোগ থাকবে—এমন বার্তা বাস্তবে বিভ্রান্তিকর।

তবে সিবিপি দাবি করেছে, শিশুদের আইনি বিকল্প ও অধিকার সম্পর্কে জানাতেই এই নথি ব্যবহার করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে পরিবারে ফিরে যাওয়াই তাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ। বিষয়টি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলমান রয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন