https://www.prothomalony.com/

15664

north-america

উত্তর আমেরিকা

কমিউনিটির দাবি–দাওয়ার লড়াইয়ে সামনে ‘বাগ’: বদলে দিচ্ছে বাংলাদেশিদের ভবিষ্যৎ

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ ০২:৩৯

বাংলাদেশি আমেরিকানদের মতো পিছিয়ে পড়া ও মূলধারায় অনুল্লেখযোগ্য অভিবাসী জনগোষ্ঠীর পক্ষে শক্তিশালী কণ্ঠ গড়ে তোলার লক্ষ্যেই ২০১০ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশি আমেরিকান অধিকার আদায় গ্রুপ (বাগ)। নাগরিক অংশগ্রহণ বাড়াতে সচেতন কয়েকজন বাংলাদেশির উদ্যোগে শুরু হওয়া এই সংগঠন আজ নিউইয়র্ক সিটি কাউন্সিল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রতিনিধি পরিষদ, এমনকি প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত বিস্তৃত কার্যক্রম পরিচালনা করছে।

গণঅধিকার, নাগরিক সচেতনতা ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাগ শুরু থেকেই জনমুখী কর্মসূচিতে কাজ করছে। নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার সঙ্গে সমন্বয় করে আয়োজন করছে সচেতনতা সভা, নাগরিক অধিকারবিষয়ক কর্মশালা, এমনকি কমিউনিটির কর্মসংস্থানের সহায়তায় চাকরি মেলাও। ভোটার তালিকা প্রস্তুতে সহযোগিতা, মানুষের ভোটদানে উৎসাহিতকরণ এবং সিটি, স্টেট ও জাতীয় পর্যায়ের নির্বাচনে বাংলাদেশি কমিউনিটি ও অভিবাসীদের পছন্দের প্রার্থীদের পক্ষে কাজ করা বাগের নিয়মিত কার্যক্রমেরই অংশ।

“তোমার অধিকার জানো, তোমার অধিকারের জন্য সংগ্রাম করো” এই স্লোগান নিয়ে বাগ নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

একটির পর একটি নজিরবিহীন সাফল্য:

বাগের উদ্যোগে নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছুটি ঘোষণা করা হয়। স্কুলগুলোতে হালাল খাবার সরবরাহ, মসজিদে প্রকাশ্যে আজান প্রচারের অনুমতি আদায়; এসবই কমিউনিটির দীর্ঘ দিনের দাবি, যার বাস্তবায়নে বড় ভূমিকা রাখে বাগ।

২০১৯ সালের ১৪ আগস্ট ধর্মীয় পোশাক সুরক্ষা বিল স্টেট পর্যায়ে পাস হওয়াটাও বাগের বড় অর্জন। ২০১১ সাল থেকে নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে প্রতি বছর বাংলাদেশি কমিউনিটির দাবিদাওয়া নিয়ে অধিকার আদায়ের কর্মসূচি চালিয়ে আসছে সংগঠনটি।

নিউইয়র্কের স্কুল ও কলেজসমূহে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি (নিউইয়র্ক স্টেটব্যাপী) বাস্তবায়ন, নিউইয়র্কের স্কুলসমূহে হালাল ও কোশার খাবার নিশ্চিতকরণ, স্টেট গভর্নরের তত্ত্বাবধানে মুসলিম অ্যাডভাইজারি কাউন্সিল গঠন, জলবায়ু, সর্বনিন্ম মজুরি জীবন যাত্রার মানের সঙ্গে সামঞ্জস্যকরণসহ বিভিন্ন দাবিতে বাগের উদ্যোগে এডভোকেসি অব্যাহত রয়েছে।

বাংলাদেশি–মুসলিম আমেরিকানদের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মুসলিম নারী ফেডারেল বিচারক হিসেবে নুসরাত চৌধুরীর নিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংগঠনটি।

 

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা:

২০২৫ সালে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানীর বিজয়ে অন্যতম সহায়ক শক্তি ছিল বাংলাদেশি আমেরিকান অধিকার আদায় গ্রুপ। যা কমিউনিটি রাজনীতিতে সংগঠনটির অবস্থানকে আরও দৃঢ় করেছে।

 

অভিজ্ঞ নেতৃত্বে এগিয়ে চলা:

মো. শাহজাহান, কামাল ভূঁইয়া, সাবুল উদ্দিন ও মোহাম্মদ রহিমের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংগঠনের বর্তমান সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন মূলধারার রাজনীতিতে পরিচিত মুখ জয়নাল আবেদীন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন শাহানা মাসুম।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নাগরিক অধিকার, জনসচেতনতা ও রাজনৈতিক প্রতিনিধিত্বের লড়াইয়ে বাগ আজ বাংলাদেশি  আমেরিকান ইমিগ্রেন্ট কমিউনিটির আস্থার সংগঠনে পরিণত হয়েছে প্রান্তিকের কণ্ঠস্বর হয়ে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন