https://www.prothomalony.com/

15617

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের সভাপতি ওয়াহিদ, সম্পাদক কামাল

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৭:০২

উৎসবমুখর পরিবেশ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিউইয়র্কে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক-এর ২০২৬–২৭ কার্যকরী কমিটির নির্বাচন। গত রোববার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মামাস পার্টি হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কামাল উদ্দিন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ ১৬০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল উদ্দিন ১০০ ভোট পান। অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট প্রায় ২৭৫টি ভোট কাস্টিং হয় বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, নির্বাচন উপলক্ষে সকাল প্রায় ১১টা থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হতে থাকেন প্রার্থী ও ভোটাররা। দিনব্যাপী চলা এই ভোট উৎসবে সংগঠনটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যার ফলে নির্বাচনটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও নির্বাচিত হন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জানান তারা এবং বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক-এর কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার ও অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীর।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন