https://www.prothomalony.com/

15547

north-america

উত্তর আমেরিকা

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব নিউজার্সির অনুষ্ঠান ১৩ ডিসেম্বর শনিবার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ ২৩:১৩

বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সির উদ্যোগে ১৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধারণ করে সংগীত, সংস্কৃতি ও মিলনমেলায় ভরপুর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শনিবার বিকেল পাঁচটা থেকে নিউ ব্রান্সউইকের রাটগার্স কলেজ অ্যাভিনিউ স্টুডেন্ট সেন্টারে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকবে বহুমাত্রিক সংগীত পরিবেশনা। মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিলা, যিনি ‘এক পায়ে নূপুর’, ‘গাইবো না’, ‘ঝিলমিল’সহ বহু কালজয়ী গানের জন্য প্রিয় মুখ। তাঁর সুরেলা কণ্ঠে নব্বই ও দুই হাজার দশকের স্মৃতিময় সময়ে ফিরে যাওয়ার সুযোগ পাবেন দর্শকরা। একই মঞ্চে থাকছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি–ভিত্তিক বাংলা রক ব্যান্ড ক্রনএজ। ঐতিহ্যবাহী বাংলা সুর ও আধুনিক রকের সংমিশ্রণে ব্যান্ডটির পরিবেশনা নতুন প্রজন্মের সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। এছাড়া থাকছেন ‘কমলাপুর এক্সপ্রেস প্রজেক্ট’-এর গৌরব গল্পো, যিনি গল্প ও সুরের সংমিশ্রণে সমসাময়িক বাংলা সংগীতে ভিন্ন মাত্রা যোগ করেছেন।

আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; বরং একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক মিলনমেলা। অনুষ্ঠানে থাকবে নিউইয়র্ক টাইমসে আলোচিত টং ফুচকাসহ বিভিন্ন জনপ্রিয় বাংলাদেশি খাবারের স্টল, স্থানীয় ব্যবসায়ী ও বিক্রেতাদের অংশগ্রহণ এবং কমিউনিটির শিশু ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হবে পরিবারসহ অংশ নেওয়ার মতো একটি উৎসবমুখর সন্ধ্যা।

বাংলাদেশ সোসাইটি অব নিউজার্সির সভাপতি সৈয়দ মাহমুদ তুহিন এক বিবৃতিতে বলেছেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। প্রবাসে নতুন প্রজন্মের কাছে এই চেতনাকে পৌঁছে দিতে এবং কমিউনিটিকে একসূত্রে বাঁধতেই তাদের এই আয়োজন। সংগঠনের সাধারণ সম্পাদক আশফাক জামান জানান, সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি প্রবাসে বাংলাদেশি সংস্কৃতিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে। সাংস্কৃতিক সম্পাদক আফরোজ শিরিন তুলি বলেন, সংগীত ও সংস্কৃতির মধ্য দিয়েই বিজয়ের আনন্দ উদযাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সোসাইটি অব নিউজার্সির পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি ও সংস্কৃতিপ্রেমী সকলকে পরিবার-পরিজনসহ এই বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সংগীত, খাবার ও সম্মিলিত আনন্দে ভরে উঠবে নিউ জার্সির বিজয় দিবস ২০২৫।
বাংলাদেশ সোসাইটি অব নিউজার্সির পক্ষ থেকে জানানো হয়েছে, অচিরেই নিউজার্সিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সার্ভিস আয়োজন করা হচ্ছে। এ নিয়ে ১৩ ডিসেম্বর শনিবার সরাসরি বিস্তারিত জানা যাবে বলে তারা জানিয়েছেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন