https://www.prothomalony.com/

15525

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৫

আটলান্টিক সিটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষ গত ২ ডিসেম্বর মঙ্গলবার বেঙ্গল ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউজার্সি স্টেট সাউথ বিএনপি–র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ দিদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। তিনি দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহ এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন। তাঁর আবেগঘন দোয়া উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

যদিও এটি বেঙ্গল ক্লাবের আনুষ্ঠানিক আয়োজন ছিল না, তবুও ক্লাবের বহু সদস্য স্বেচ্ছায় এগিয়ে এসে অনুষ্ঠানকে সফল করে তোলেন। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষও মানবিকতার খাতিরে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা দেন—যা কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির ইতিবাচক বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানে একটি বিশেষ মানবিক ঘটনার কথাও উল্লেখ করা হয়। বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির ট্রেজারার হেলাল হাসান জানান—তিনি মনে মনে একটি মিলাদ মাহফিল আয়োজনের কথা ভাবছিলেন। ঠিক সেই মুহূর্তে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আরিফ লেমন তাঁকে ফোন করে বলেন, “বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। আমাদের উচিত তাঁর জন্য দোয়া মাহফিল করা।” হেলাল হাসান এই উদ্যোগকে উদারতা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়াও মামুন ইসলাম, সামিউল গওহর, সেক্রেটারি জেনারেল কাজল বাড়াই, কাজী লিখনসহ বহু কমিউনিটি সদস্য নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি–র প্রেসিডেন্ট ও স্টেট সাউথ বিএনপি–র প্রধান উপদেষ্টা জহেরুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ দিদার, সেক্রেটারি রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসাইন, বেঙ্গল ক্লাব–এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলী চৌধুরী তান্নু, ট্রেজারার হেলাল হাসান, কালচারাল সেক্রেটারি সুহেলে আহমেদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “রাজনীতি মানুষকে বিভক্ত করলেও মানবিকতা, বন্ধুত্ব ও সৌহার্দ্য মানুষকে আবার একসূত্রে বেঁধে রাখে।” অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও প্রবাসে থাকা সবার শান্তি, কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন