https://www.prothomalony.com/
15524
north-america
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৩:৩২
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সব অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করায় দেশজুড়ে বসবাসরত আশ্রয়প্রার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নিউইয়র্কে অবস্থানরত তরুণ অভিবাসীদের ভবিষ্যৎ এখন আরো অনিশ্চিত হয়ে পড়েছে।
ডিএইচএস-এর একটি অভ্যন্তরীণ নির্দেশনায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে (ইউএসসিআইএস) চলমান সব অ্যাসাইলাম আবেদন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, আবেদনগুলো পর্যালোচনার জন্য একটি সামগ্রিক মূল্যায়ন প্রক্রিয়া শুরু করা হবে।
নিউইয়র্ক সিটিতে থাকা ১৮ বছর বয়সী এক পশ্চিম আফ্রিকান আশ্রয়প্রার্থী জানিয়েছেন, সৎমা ও বাবার নির্যাতন থেকে বাঁচতে তিনি দেশত্যাগ করেন এবং একা দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। আবেদন স্থগিতের সিদ্ধান্তের পর থেকে তিনি প্রতিদিন দেশ ফেরত পাঠানোর আতঙ্কে ভুগছেন।
মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তিনি এক বছর অ্যারিজোনার একটি ফেডারেল সেন্টারে ছিলেন। পরে নতুন আশায় নিউইয়র্কে জীবন শুরু করেন। কিন্তু ডিএইচএস-এর নতুন সিদ্ধান্ত তার সেই নিরাপত্তাবোধকে ভেঙে দিয়েছে। তিনি বলেন, আমি ভয় পাচ্ছি। প্রতিদিন মনে হয় আমাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে।
অভিবাসী সহায়ক সংস্থা ‘আফরিকা না’-এর নির্বাহী পরিচালক আদামা বাহ বলেন, আমাদের কমিউনিটিতে চরম আতঙ্ক তৈরি হয়েছে। মানুষ যুদ্ধ, নির্যাতন ও জীবন–ঝুঁকি থেকে পালিয়ে এসেছে—তারা বিনোদনের জন্য দেশ ছাড়েনি।
বাহের মতে, আবেদন স্থগিতের এই সিদ্ধান্ত হাজারো মানুষের জীবনে নতুন অনিশ্চয়তা তৈরি করবে এবং শিশু–কিশোর আশ্রয়প্রার্থীরাই সবচেয়ে বেশি মানসিক চাপে পড়বে।
ডিএইচএস বলছে, প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করা হবে। তবে আসাইলাম আবেদন প্রক্রিয়া কবে আবার শুরু হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।
নিউইয়র্কের অভিবাসী সম্প্রদায়ের ওপর এ সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে জানতে ডিএইচএস-এর কাছে তথ্য চাওয়া হয়েছে। সংস্থা কোনো মন্তব্য করলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন