https://www.prothomalony.com/
15477
north-america
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ ১২:৫৭
নেপালের রাজধানী যেন ক্ষুদ্র বাংলাদেশ। ২৮ নভেম্বর শুক্রবার দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ ফিশ উৎসব ২০২৫”—স্বাদ, সুগন্ধ আর কূটনীতির এক সামগ্রিক সমাবেশ। নেপালের মন্ত্রী, রাষ্ট্রদূত, কূটনীতিক, গবেষক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি, হোটেল ব্যবস্থাপক থেকে শুরু করে গণমাধ্যমকর্মী—সবাই হাজির।
প্রধান অতিথি ছিলেন নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কৃষ্ণ প্রসাদ ধাকাল। দুপুর দুইটায় দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে উৎসবের সূচনা। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান জানালেন বাংলাদেশি মৎস্যসম্পদের সুনাম, ইতিহাস ও সম্ভাবনার কথা।
প্রধান অতিথির বক্তব্যে উঠে এলো সহযোগিতার নতুন দিগন্ত। তিনি বললেন—এ ধরনের উৎসব নেপাল ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে, মানুষে–মানুষে সম্পর্ক বাড়ায়, ব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করে। তাঁর মন্তব্য—দুই দেশের সহযোগিতা আজ গভীরতর পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশের মাছের স্বাদ ও গুণমান নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্য ছিল প্রাণবন্ত। তিনি বললেন—ইলিশ থেকে চিংড়ি, রুই থেকে রূপচাঁদা—বাংলাদেশের মাছ আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে। এই উৎসব শুধু খাওয়ার আয়োজন নয়; এটি আঞ্চলিক বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি ও পরিচয়ের এক সম্মিলিত প্রদর্শনী।
উৎসবে পরিবেশন করা হয় ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। কাঁটা ছাড়া তামাকড ইলিশ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সঙ্গে ছিল সরিষা ইলিশ, রুই, কালা কাতলা, গ্রিলড লবস্টার, গ্রিলড রেড স্ন্যাপার, ভাজা রূপচাঁদা ও চিংড়ির নানা পদ। একেকটি পদ যেন বাংলাদেশের নদী, হাওর, উপকূলের স্বাদ নতুন করে পরিচয় করিয়ে দিল অতিথিদের।
নেপালের হসপিটালিটি খাতের সঙ্গে বাংলাদেশের মাছ রপ্তানিকারকদের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়। নেপালে সামুদ্রিক খাবারের চাহিদা বাড়ছে। বাংলাদেশ সেই বাজারে নতুন দিগন্ত খুলতে পারে—এই উৎসব সেই বার্তাই আরও স্পষ্ট করে দিল।
২৪ নভেম্বর থেকে দূতাবাসের প্রস্তুতি শুরু হয়। নেপালের শীর্ষ হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করেছে।
উৎসবটি ইতিমধ্যেই নেপালের সংবাদমাধ্যমে সাড়া ফেলেছে। অনলাইন, ইলেকট্রনিক এবং প্রিন্ট—সব মাধ্যমেই বাংলাদেশের স্বাদ ও সংস্কৃতির উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের পর্যটন, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে একসঙ্গে তুলে ধরার একটি সফল দিন ছিল আজকের “বাংলাদেশ ফিশ উৎসব ২০২৫।”
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন