https://www.prothomalony.com/
15451
north-america
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ ২৩:৩২
নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম মুসলিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ বলেছেন, আমেরিকান স্বপ্ন অর্জনে জাতিগত ঐক্যের কোনো বিকল্প নেই। গত ২৩ নভেম্বর ব্রুকলিনের চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতির আয়োজিত এক সংবর্ধনা সমাবেশে তিনি একথা বলেন।
শাহানা হানিফ বলেন, বাংলাদেশি কমিউনিটি যুক্তরাষ্ট্রের দ্রুত অগ্রসরমান কমিউনিটিগুলোর মধ্যে অন্যতম। রাজনীতিতে আমাদের অংশগ্রহণই আমেরিকান সমাজে অবস্থান শক্তিশালী করার প্রধান মাধ্যম। ব্যালটের লড়াইয়ের মাধ্যমে সবসময় আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক নির্বাচনেও এর প্রমাণ মিলেছে।
তিনি আরও বলেন, গত চার বছরে প্রগতিশীল নাগরিকদের অধিকার রক্ষায় সিটি মেয়রের সঙ্গে ধারাবাহিকভাবে লড়াই করতে হয়েছে। আশা করি জানুয়ারিতে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করলে এসব অসুবিধা কাটানো সহজ হবে।
শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে শাহানা হানিফ বলেন, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারিম্যান ও রেস্টুরেন্ট কর্মীদের বকেয়া মজুরি আদায়ে সব সময় পাশে থাকব। সম্প্রতি ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশি শ্রমিকদের প্রায় তিন মিলিয়ন ডলার বকেয়া বেতন আদায়ে তার অফিসের সহায়তা উল্লেখযোগ্য অবদানের কথাও তুলে ধরেন তিনি।
এদিকে ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে শাহানা হানিফ জানান, একই আসনে তিনবারের বেশি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তাই পরবর্তী সময়ে সিটি কম্পট্রোলার, মেয়র বা কংগ্রেস–যেকোনো একটি পদে লড়াই করার বিষয়টি বিবেচনা করা হবে।
এ সময় তিনি পুনর্নির্বাচিত করায় চট্টগ্রামবাসীসহ পুরো বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে নিউইয়র্কে বাঙালি ও বাংলা ভাষার প্রচার প্রসার ও সংরক্ষণের বিষয়ে আলোচনা করেন।
চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শাহানা হানিফকে চট্টগ্রাম সমিতির ‘আজীবন সম্মাননা সদস্য’ হিসেবে ঘোষণা করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন