https://www.prothomalony.com/
15434
north-america
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ ০৭:০১
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস 'গোল্ড কার্ড' স্থায়ী রেসিডেন্সি প্রোগ্রামের খসড়া ফর্ম আই-১৪০জি ও ব্যবস্থাপনা ও বাজেট অফিসে পাঠিয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে বিদেশিরা বড় অঙ্কের অর্থ দান করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারবেন। খসড়া ফর্মটি অনুমোদনের পরই এটি সাধারণের জন্য প্রযোজ্য হবে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ব্যক্তি নিজের জন্য আবেদন করলে তাকে এক মিলিয়ন ডলার, আর কোম্পানির মাধ্যমে আবেদন করলে দুই মিলিয়ন ডলার দান করতে হবে। এছাড়া আবেদনকারীর জন্য ফি ধরা হয়েছে পনেরো হাজার ডলার। প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ে গোল্ড কার্ডের জন্য আবেদন করতে হবে। এরপর নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং শেষপর্যায়ে ইউএসসিআইএস-এ ফর্ম জমা দিয়ে দানের উৎস বৈধ কিনা যাচাই করাতে হবে।
আবেদন অনুমোদিত হলে, আবেদনকারীকে বিদেশে মার্কিন কনস্যুলেটের মাধ্যমে কনসুলার প্রসেসিং সম্পন্ন করতে হবে এবং বৈধ স্থায়ী রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ইউএসসিআইএস অনুমান করছে, প্রতি বছর আনুমানিক এক হাজার আবেদন জমা হতে পারে। প্রোগ্রামের ফাইনাল ফর্ম ও নির্দেশিকা আগামী ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশিত হতে পারে।
গোল্ড কার্ডধারীরা ইবি-১ বা ইবি-২ ভিসার মাধ্যমে স্থায়ী রেসিডেন্ট হবেন। এছাড়া, $৫ মিলিয়ন দানের বিনিময়ে ‘প্লাটিনাম কার্ড’ প্রোগ্রামের সুযোগও রয়েছে, যা বিদেশিকে প্রতি বছর ২৭০ দিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেবে এবং মার্কিন বাইরে উপার্জিত আয়ের উপর কর আরোপ হবে না।
প্রোগ্রামে আবেদন করতে হলে আবেদনকারীকে তার ব্যক্তিগত তথ্য, পরিবারের তথ্য, সম্পদের উৎস ও প্রমাণ, এবং নিরাপত্তা ও আইনগত যাচাই সম্পন্ন করতে হবে। ইউএসসিআইএস জানিয়েছে, ভুল তথ্য প্রদান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন