https://www.prothomalony.com/
15362
decoration
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ ০৩:০৯
নিউ মেক্সিকোতে বসবাসরত বাংলাদেশী আমেরিকান কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্যাপন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনয় শিল্পী কাজী মশহুরুল হুদার ৭০তম জন্মদিনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে তাঁর একক প্রদর্শনী “হুদা’স মাইম ফ্যান্টাসি”।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার। আলবুকার্কের আফ্রিকান আমেরিকান পারফর্মিং আর্টস সেন্টারে। ঠিকানা—৩১০ সান পেড্রো এনই, আলবুকার্ক, নিউ মেক্সিকো ৮৭১০৮, যুক্তরাষ্ট্র।

মূকাভিনয় শিল্পকে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কাজী মশহুরুল হুদা অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচিত। চার দশকেরও বেশি সময় ধরে তাঁর গবেষণা, অভিনয় ও শিক্ষকতার মাধ্যমে তিনি দেশ-বিদেশে “মাইম আইকন” এবং “ইন্টারন্যাশনাল মাইম এম্বাসেডর অব বাংলাদেশ” হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক এবং এই শিল্প নিয়ে বেশ কিছু গবেষণামূলক গ্রন্থের রচয়িতা।
বিজয় দিবসের আনন্দ ও একজন কিংবদন্তি শিল্পীর জন্মদিন—দুটি উপলক্ষকে সামনে রেখে আয়োজকরা আশা করছেন, এই সন্ধ্যা নিউ মেক্সিকোর সংস্কৃতিপ্রেমী দর্শকদের জন্য হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা। অনুষ্ঠান সফল করতে কমিউনিটির সহযোগিতা ও উপস্থিতির আহ্বান জানিয়েছেন আয়োজক প্রতিনিধিরা।
সাজসজ্জা থেকে আরো পড়ুন