https://www.prothomalony.com/
15101
north-america
প্রবাসে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা) বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংগঠনের সভাপতি এম জি কিবরিয়ার নেতৃত্বে প্রতিনিধি দল স্মারকলিপিটি হস্তান্তর করে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নেবট্রার উপদেষ্টা গনি চৌধুরী, মুমিন খান ও মোহাম্মদ জুনেদ আহমেদ, সহসভাপতি শিপার আহমেদ ও তৈয়বুর রহমান শ্যামল, প্রচার সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আবুল হোসেন মামুন, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খয়রুজ্জামান, সহদপ্তর সম্পাদক আকমল হোসেন, সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তখলিছ মিয়া, নির্বাহী সদস্য বশির আহমেদ, নাজিরুল ইসলাম খান ও সৈয়দ সুমন আহমদ।
স্মারকলিপিতে নেবট্রা নেতারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পাঁচটি দাবি তুলে ধরেন— প্রবাসী ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করা, ডাক-ভোট বা অনলাইন ভোটিং পদ্ধতির বাস্তবায়ন, দূতাবাসভিত্তিক ভোটকেন্দ্রের সম্ভাবনা যাচাই, সচেতনতা ও তথ্যপ্রচার কার্যক্রম জোরদার ও একটি স্থায়ী প্রবাসী ভোটার সেল গঠন।
সভায় নেবট্রার সভাপতি এম জি কিবরিয়া স্মারকলিপিটি পড়ে শোনান। পরে প্রতিনিধি দলের সদস্যরা প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। জবাবে সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন জানান, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি প্রবাসীদের ভোটার তালিকায় নাম নিবন্ধন ও এনআইডি কার্ডের জন্য আবেদন করার আহ্বান জানান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন