https://www.prothomalony.com/

15002

north-america

উত্তর আমেরিকা

শিকাগোতে ইমিগ্রেশন অভিযানে আতঙ্ক, হেলিকপ্টার–কেমিক্যাল গ্যাস ব্যবহারে ক্ষোভ

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ ২৩:১৩

শিকাগোতে অভিবাসী ধরপাকড় অভিযানে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের আগ্রাসী কৌশল আতঙ্ক তৈরি করেছে। পরিবার ঘুমন্ত অবস্থায় হেলিকপ্টার দিয়ে এপার্টমেন্টে অভিযান, স্কুলের কাছে কেমিক্যাল গ্যাস ব্যবহার, এমনকি হাসপাতালে সিটি কাউন্সিল সদস্যকে হাতকড়া পরানোয় তীব্র সমালোচনা উঠেছে।

গত এক মাসে শহরে এক হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানে বৈধ অভিবাসী, মার্কিন নাগরিক ও শিশুরাও আটক হয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ। ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বলেন, “এই অভিযান শহরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে।”

সাউথ শোর এলাকায় সাম্প্রতিক অভিযানে হেলিকপ্টার থেকে রশি বেয়ে এজেন্টরা নেমে এসে দরজা ভেঙে বাসিন্দাদের বেঁধে ফেলে। এ সময় শিশু ও মার্কিন নাগরিকও ভুক্তভোগী হন। অন্যদিকে, স্কুলের পাশে কেমিক্যাল গ্যাস নিক্ষেপে শিক্ষার্থীদের ঘরে থাকতে বাধ্য করা হয়। হাসপাতালে আহত ব্যক্তির বিষয়ে ওয়ারেন্ট দেখতে চাইলে সিটি কাউন্সিল সদস্য জেসি ফুয়েন্তেসকেও হাতকড়া পরানো হয়।

এক ঘটনায় এজেন্টদের গুলিতে এক নারী আহত হয়েছেন, যদিও তিনি মার্কিন নাগরিক। এজেন্টরা দাবি করেছে, ওই নারী গাড়ি দিয়ে আঘাতের চেষ্টা করেছিলেন; তবে স্থানীয়রা বলছে, আগ্রাসী ধাওয়ার কারণেই সংঘর্ষ হয়েছে।

এদিকে, ব্রডভিউ শহর কর্তৃপক্ষ ইমিগ্রেশন সেন্টারের বাইরে অবৈধভাবে নির্মিত ৮ ফুট বেড়া অপসারণে আদালতে মামলা করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব অভিযান শুধু আইন ভঙ্গ করছে না, বরং সংখ্যালঘু ও অভিবাসীদের নিরাপত্তা ও মৌলিক অধিকারের ওপর সরাসরি হুমকি তৈরি করছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন