https://www.prothomalony.com/
14918
north-america
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৩
যুক্তরাষ্ট্রে তিন দশকেরও বেশি সময় বসবাসের পর ৭৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক নারীকে দেশে পাঠানো হয়েছে। হরজিত কৌর নামের এই নারী ১৯৯১ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে দুই ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান। এরপর থেকে তিনি আশ্রয়ের জন্য একাধিকবার আবেদন করলেও তা গৃহীত হয়নি।
গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে। হঠাৎ এই গ্রেপ্তারি অভিযানে কৌরকে ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সহানুভূতির সঞ্চার হয়।
তার আইনজীবী দীপক আহলুওয়ালিয়া অভিযোগ করেছেন, কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা সত্ত্বেও কৌরকে অমানবিকভাবে আটক রাখা হয়। জর্জিয়ার একটি হোল্ডিং সেন্টারে তাকে ৬০ থেকে ৭০ ঘণ্টা মেঝেতে ঘুমাতে বাধ্য করা হয়, যদিও তার দুই হাঁটুতে কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন করা হয়েছিল। অভিযোগ আরও আছে, ওষুধ খাওয়ার জন্য তাকে শুধু বরফ দেওয়া হয় এবং যে খাবার দেওয়া হয়েছিল তা খেতে না পারায় প্রহরীরা তার ওপর দোষ চাপায়।
১৯ সেপ্টেম্বর তাকে জর্জিয়ায় নেওয়া হয় এবং ২২ সেপ্টেম্বর ভারতে ফেরত পাঠানো হয়। ফলে তিনি পরিবারের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগও পাননি।
আইস জানিয়েছে, কৌর ২০০৫ সালে অভিবাসন আদালতের বহিষ্কারের আদেশের বিরুদ্ধে একাধিকবার আপিল করলেও প্রতিবারই হেরে যান। দীর্ঘ প্রক্রিয়া শেষে সব আইনি পথ শেষ হয়ে যাওয়ায় এখন আদালতের আদেশ কার্যকর করা হয়েছে।
হরজিত কৌর সান ফ্রান্সিসকো বে এরিয়ার হারকিউলিসে বসবাস করতেন এবং প্রায় দুই দশক ধরে একটি শাড়ির দোকানে সেলাইয়ের কাজ করতেন। আশ্রয় আবেদন চলাকালীন তিনি বৈধভাবে কাজ করতে ও কর দিতে সক্ষম ছিলেন। তবে আবেদন প্রত্যাখ্যান হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রেই থেকে যান এবং প্রতি ছয় মাস অন্তর অভিবাসন দপ্তরে হাজিরা দিতেন।
ক্যালিফোর্নিয়ায় তাকে গ্রেপ্তার করার পর থেকে শিখ সম্প্রদায় বিক্ষোভ শুরু করে। সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানে কেবল অপরাধীদের নয়, নিরপরাধ এবং প্রক্রিয়াগুলো মেনে চলা অভিবাসীরাও অন্যায়ভাবে টার্গেট হচ্ছেন।
হাজার হাজার অভিবাসী প্রতি বছর যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করে। বর্তমানে অভিবাসন আদালতগুলোতে প্রায় ৩৭ লাখ মামলা ঝুলে আছে। এই প্রেক্ষাপটে হরজিত কৌরের হঠাৎ বহিষ্কার অভিবাসী সমাজে অনিশ্চয়তা ও আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন