https://www.prothomalony.com/

14792

north-america

উত্তর আমেরিকা

ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে সেন্টার বাস লেন চালু করছে এনওয়াইসি ডিওটি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫১

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (এনওয়াইসি ডিওটি) ব্রুকলিনের ব্যস্ততম সড়ক ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে নতুন সেন্টার বাস লেন চালু করা হবে বলে ঘোষণা করেছে। এ বছরের শরৎ থেকে কাজ শুরু হয়ে ২০২৬ সালের মধ্যে প্রকল্প শেষ হবে।

লিভিংস্টন স্ট্রিট থেকে গ্র্যান্ড আর্মি প্লাজা পর্যন্ত প্রায় আট মাইল দীর্ঘ এই অংশে প্রতিদিন প্রায় ১ লাখ ৩২ হাজার যাত্রী যাতায়াত করেন। কর্তৃপক্ষের দাবি, নতুন বাস লেন চালুর ফলে যাত্রীদের যাতায়াত দ্রুত হবে, যানজট কমবে এবং পথচারীদের জন্য সড়ক আরও নিরাপদ হবে।

ডিওটি কমিশনার ইদানিস রদ্রিগেজ বলেন, আজ যাত্রীরা ধীরগতির বাসে ভুগছেন, চালকরা জ্যামে আটকা পড়ছেন এবং পথচারীরা ব্যস্ত সড়ক পার হতে সমস্যায় পড়ছেন। নতুন সেন্টার বাস লেন চালু হলে সবার জন্য যাতায়াত সহজ ও নিরাপদ হবে।

ফ্ল্যাটবুশ অ্যাভিনিউকে ভিশন জিরো অগ্রাধিকার করিডোর হিসেবে ঘোষণা করা হয়েছে। গত পাঁচ বছরে এ সড়কে ১৪০ জন নিহত বা গুরুতর আহত হয়েছেন। এ উদ্যোগের ফলে বিশেষভাবে উপকৃত হবে বিখ্যাত বি৪১ বাস লাইন, যা বছরে ৪৪ লাখ যাত্রী বহন করে এবং শহরের অন্যতম ব্যস্ততম বাস রুট।

প্রকল্পে ছয়টি কংক্রিট বোর্ডিং আইল্যান্ড, নতুন ১৩ হাজার বর্গফুট পথচারী এলাকা, ১১টি লোডিং জোন এবং ১৪টি নতুন সাইকেল পার্কিং স্পট তৈরি করা হবে। এতে যাত্রীদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং ব্যবসায়ীরা সহজে পণ্য সরবরাহ করতে পারবেন।

ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেনোসো বলেন, ফ্ল্যাটবুশ করিডোরে নতুন বাস লেন শুধু যাতায়াত সহজ করবে না, বরং ব্রুকলিনে পূর্ণাঙ্গ বাস র‌্যাপিড ট্রানজিট সিস্টেম চালুর পথও প্রশস্ত করবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন