https://www.prothomalony.com/

14780

north-america

উত্তর আমেরিকা

ডিমেনশিয়া বিষয়ক কর্মশালার আয়োজন করলো কানাডিয়ান সেন্টার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৪

ডিমেনশিয়া নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ (সিসিআইকে) একটি কর্মশালার আয়োজন করে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টরন্টোর ডেনফোর্থ এভিনিউস্থ বিআইইএস অফিসে অনুষ্ঠিত কর্মশালায় কমিউনিটির প্রায় ৩০ জন প্রবীণ অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন সিসিআইকের প্রধান নির্বাহী ইমাম উদ্দিন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি চিকিৎসক ডা. তাসমিয়া হুসেন। তিনি ডিমেনশিয়ার সাধারণ লক্ষণ, প্রতিরোধ এবং রোগীর যত্নের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত জানান।

বক্তারা বলেন, নিকটবর্তী স্মৃতি হারানো, বারবার একই কাজ বা কথা পুনরাবৃত্তি করা, যুক্তি ও চিন্তার ক্ষমতা কমে যাওয়া, ব্যক্তিত্ব ও আচরণের পরিবর্তন ইত্যাদি ডিমেনশিয়ার সাধারণ লক্ষণ। চিকিৎসকদের মতে, এটি মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ, যা মানুষের বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি ও ব্যক্তিত্বকে গুরুতরভাবে প্রভাবিত করে। সাধারণত ৬৫ বছর বয়সের পর এই রোগের লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে আলঝেইমার্স রোগ সবচেয়ে বেশি দেখা যায়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে কানাডায় প্রায় ৭ লাখ মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে প্রায় ১৭ লাখে পৌঁছাবে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই সিসিআইক এ কর্মশালার আয়োজন করে, যা প্রবীণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবধর্মী তথ্য সরবরাহে ভূমিকা রাখে।

উল্লেখ্য, কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ (সিসিআইকে) একটি টরন্টোভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। তথ্য, শিক্ষা, সম্প্রসারণমূলক কার্যক্রম এবং ক্ষমতায়নের মাধ্যমে সংস্থাটি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করে আসছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন