https://www.prothomalony.com/

14667

north-america

উত্তর আমেরিকা

অভিবাসী ভিসা প্রার্থীদের আবাসস্থলভুক্ত কনস্যুলার অফিসেই দিতে হবে সাক্ষাৎকার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫২

আগামী ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) সাক্ষাৎকারের নিয়মে বড় পরিবর্তন আসছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে, আবেদনকারীদের এখন থেকে বাধ্যতামূলকভাবে তাদের আবাসস্থলভুক্ত কনস্যুলার জেলাতেই সাক্ষাৎকার দিতে হবে। এর ফলে এতদিন যেভাবে অপেক্ষার সময় কমাতে বা সুবিধার জন্য অন্য কোনো কনস্যুলার অফিস বেছে নেওয়া যেত, সেই নমনীয়তা আর থাকবে না।

এই নতুন নিয়ম পারিবারিক ও কর্মভিত্তিক অভিবাসী ভিসা আবেদনকারীদের পাশাপাশি ডাইভারসিটি ভিসা বিজয়ীদেরও প্রভাবিত করবে। বিশেষ করে যেসব দেশে দীর্ঘদিন ধরে ব্যাকলগ রয়েছে, সেখানে সাক্ষাৎকারের তারিখ পেতে আবেদনকারীদের আরও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

তবে মানবিক বা চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে কিছু সীমিত ব্যতিক্রম রাখা হয়েছে। এছাড়া কিছু দেশের আবেদনকারীদের জন্য বিকল্প কনস্যুলার অফিস নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। যেমন—ইরানের আবেদনকারীরা সাক্ষাৎকার দিতে পারবেন আবুধাবি, আংকারা বা ইয়েরেভানে; আর রাশিয়ার আবেদনকারীদের যেতে হবে ওয়ারশ, আলমাটি বা তাসখন্দে।

নতুন নিয়মে অভিবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগে অপেক্ষার সময় কমাতে আবেদনকারীরা তুলনামূলক দ্রুত সাক্ষাৎকার পাওয়া যায় এমন কনস্যুলার অফিস বেছে নিতে পারতেন। এখন আর তা সম্ভব হবে না। ফলে ব্যাকলগ থাকা দেশে সাক্ষাৎকার ও প্রসেসিং আরও দীর্ঘ হবে। অনেক আবেদনকারীকে হয়তো তৃতীয় দেশে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে, ফলে ভ্রমণ ও থাকা-খাওয়ার খরচ যোগ হবে। পরিবার পুনর্মিলন বা জরুরি কাজের ক্ষেত্রে আগের মতো নমনীয়তা পাওয়া যাবে না।

শুধু পরিবার নয়, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও এই নিয়ম বাড়তি চাপ তৈরি করবে। কর্মীদের সাক্ষাৎকার দিতে অন্য দেশে ভ্রমণ করতে হলে তাদের ভ্রমণ ব্যয় ও সময় বাড়বে, যা কর্মী নিয়োগ পরিকল্পনা বিলম্বিত করতে পারে।


বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়ম কার্যকর হলে ভিসা আবেদনকারীদের আরও আগেভাগে পরিকল্পনা করতে হবে। প্রক্রিয়ার জটিলতা ও সম্ভাব্য বিলম্ব এড়াতে অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর সহায়তা নেওয়া আগের চেয়ে আরও জরুরি হয়ে উঠবে। পরিবার পুনর্মিলন, কর্মসংস্থান কিংবা ডাইভারসিটি ভিসা—সব ক্ষেত্রেই এই পরিবর্তন অতিরিক্ত ব্যয় ও জটিলতা তৈরি করবে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন