https://www.prothomalony.com/

14516

north-america

উত্তর আমেরিকা

৬০ হাজার অভিবাসীর ওয়ার্ক পারমিট ও টিপিএস সুবিধা বাতিলের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্রের আদালত

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ ০৭:৩৬

যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিলস কোর্ট কেন্দ্রীয় আমেরিকা ও নেপালের প্রায় ৬০ হাজার অভিবাসীর ওয়ার্ক পারমিট এবং সাময়িক বিতাড়ন সুরক্ষা-টিপিএস বাতিল করার অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসনকে।  বুধবার আদালতের তিনজন বিচারক এই অনুমোদন দিয়েছে তবে আইনি বিশদ ব্যাখ্যা দেননি।
 
জানা গেছে, নেপালিদের টিপিএস ইতিমধ্যেই ৫ আগস্ট থেকে শেষ হয়েছে। হন্ডুরাস ও নিকারাগুয়ায় TPS ৮ সেপ্টেম্বর থেকে বাতিল হবে। প্রশাসন এই অনুমোদনের মাধ্যমে অভিবাসীদের কর্ম ও বসবাসের সুবিধা বাতিল করতে পারবে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, এই সিদ্ধান্ত অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা পুনঃস্থাপন করবে এবং টিপিএস যেন ডি ফ্যাক্টো আশ্রয় ব্যবস্থা হিসেবে ব্যবহার না হয় তা নিশ্চিত করবে।

ইউসিএলএ সেন্টার ফর ইমিগ্রেশন ল অ্যান্ড পলিসির আইনজীবী আহিলান অরুলানানথম সমালোচনা করে বলেন, আদালত সরকারের ক্ষমতার অপব্যবহারকে বৈধতা দিয়েছে। এই রায় প্রশাসনের জন্য অভিবাসী সম্প্রদায়ের ওপর আরও কঠোর পদক্ষেপের পথ তৈরি করছে।

এর আগে, জেলা আদালতের বিচারক ট্রিনা এল. থম্পসন জুলাইয়ে সাময়িকভাবে টিপিএস বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, সরকারের এই পদক্ষেপ সম্ভবত জাতিগত বৈষম্যের প্রভাবে প্রভাবিত।

ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, বৈধ অভিবাসী ও শিক্ষার্থীদের ওপর নজরদারি বৃদ্ধি এবং শরণার্থী ও নাগরিকত্ব প্রার্থীদের আবেদন কঠোরভাবে যাচাই করা।

এই রায়ের ফলে কেন্দ্রীয় আমেরিকা ও নেপালের অভিবাসী সম্প্রদায়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছেন, টিপিএস ও ওয়ার্ক পারমিট বাতিলের ফলে অনেক পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারে। নিউইয়র্কসহ বিভিন্ন শহরে অভিবাসী ও মানবাধিকার কর্মীরা ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন