https://www.prothomalony.com/

14392

north-america

উত্তর আমেরিকা

প্রবাসী ক্রিকেটার কবির লুৎফুলের দুর্দান্ত পারফরম্যান্স

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ ০০:০৯

লং আইল্যান্ড প্রিমিয়ার লিগ (এলআইপিএল) টি২৫–এ নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটার কবির লুৎফুল। বর্তমানে তিনি খেলছেন লং আইল্যান্ড ভাইপারস দলের হয়ে। যদিও মৌসুমের শেষ ম্যাচে পরাজিত হয়ে তার দল সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে কবির লুৎফুল ছিলেন অসাধারণ, যা তাকে এবারের আসরের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই মৌসুমে ৯ ম্যাচের মধ্যে কবির অংশ নেন ৫টিতে। এর মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ৫ উইকেটসহ মোট ১৪ উইকেট নেন এবং ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরিসহ করেন ১১২ রান। বল ও ব্যাট—দুই বিভাগেই তার এই ধারাবাহিক সাফল্যই প্রমাণ করে কেন তাকে সেরা অলরাউন্ডার বলা হচ্ছে।

 

শুধু এলআইপিএল নয়, আমেরিকার স্থানীয় বিভিন্ন ক্রিকেট লিগেও দীর্ঘদিন ধরে খেলে আসছেন কবির। এ পর্যন্ত তিনি ১৮২ ম্যাচে অংশ নিয়ে করেছেন ৩,৮২৮ রান এবং নিয়েছেন ১৬১টি উইকেট। এই পরিসংখ্যান তার প্রতিভা ও ধারাবাহিক পারফরম্যান্সের স্পষ্ট প্রমাণ।

নিজের খেলার দর্শন সম্পর্কে কবির লুৎফুল বলেন, “আমি সবসময় চেষ্টা করি নিজেকে আরও উন্নত করতে এবং মাঠে নিজের সেরাটা দিতে।” তার মতো অভিজ্ঞ অলরাউন্ডারের উপস্থিতি যে কোনো দলের জন্য বড় সম্পদ। তার পারফরম্যান্স শুধু সতীর্থদের অনুপ্রাণিতই করে না, বরং প্রতিপক্ষকেও সতর্ক থাকতে বাধ্য করে।

বাংলাদেশি কমিউনিটির গর্ব এই ক্রীড়াবিদ তার নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধ দিয়ে ভবিষ্যতেও আমেরিকান ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন