https://www.prothomalony.com/

14331

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে কিছু ভিসা আবেদনকারীদের জন্য ১৫ হাজার ডলারের জামানত বাধ্যতামূলক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ ১৪:৫৯

ভিসা মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকারীদের সংখ্যা কমাতে নতুন উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া একটি পরীক্ষামূলক কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু দেশের আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত রাখার নিয়ম চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় বলা হয়েছে, ব্যবসায়িক (বি-১) ও ভ্রমণ (বি-২) ভিসার আবেদনকারীদের মধ্যে যাদের দেশের ভিসা ওভারস্টের হার বেশি, তাদের কমপক্ষে ৫ হাজার ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার  ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে।

এই জামানত আবেদনকারীর নির্ধারিত সময় অনুযায়ী যুক্তরাষ্ট্র ত্যাগ করলে ফেরত দেওয়া হবে। তবে যদি তিনি ভিসার শর্ত ভঙ্গ করে বেশি দিন অবস্থান করেন, তাহলে সেই অর্থ জব্দ করা হবে।

পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব দেশের নাগরিকদের ওভারস্টের হার বেশি কিংবা যেসব দেশের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া দুর্বল, সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। তবে এখনো কোন কোন দেশ এই তালিকায় রয়েছে, তা প্রকাশ করা হয়নি।

নতুন এই নিয়মের আওতায় আসা ভিসাধারীদের নির্ধারিত কিছু বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থান করতে হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে মঙ্গলবার এই নিয়মটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, এই পাইলট কর্মসূচি ট্রাম্প প্রশাসনের অভিবাসন আইন বাস্তবায়ন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন। তার প্রশাসন ভিসা ওভারস্টেকে একটি ‘স্পষ্ট জাতীয় নিরাপত্তা হুমকি’ হিসেবে বিবেচনা করছে।


 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন