https://www.prothomalony.com/
14302
north-america
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ০৫:০৪
বাংলাদেশি বংশোদ্ভূত চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইলাইজা’ আগামী ১৪ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে (আইএফএফএম) উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে। এবারের উৎসবে মোট ১৪০০টি চলচ্চিত্র জমা পড়ে, যেখান থেকে মাত্র ৭৫টি নির্বাচিত হয়েছে। এদের মধ্যে রয়েছে ৩১টি ভাষায় নির্মিত চলচ্চিত্র। এই উৎসব এবার ১৬তম বর্ষ উদযাপন করছে।
রাজীদের ‘ইলাইজা’ ছাড়াও এবারের উৎসবে নয়টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহির ‘বাক্স বন্দি’, সুমন ঘোষের ‘পুরাতন’, প্রমিতা ভৌমিকের ‘অহনা’, মাকসুদ হোসেনের ‘সাবা’, নুহাশ হুমায়ূনের ‘দুই ষ’, কোকব গেব্রেহাওয়ারিয়ার ‘এ ডল মেইড আপ অফ ক্লে ফ্রম ইউরূবা’। এছাড়াও প্রদর্শিত হবে চলচ্চিত্রগুরু ঋত্বিক ঘটকের পুনরুদ্ধারকৃত ধ্রুপদী দুই চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৭৩) এবং ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)।
টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক ফিচারে বলা হয়েছে, রাজীদ সিজনের ‘ইলাইজা’ বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার বহুমুখী গল্পের ক্রমবর্ধমান চাহিদা ও সম্ভাবনা তুলে ধরেছে।
রাজীদ সিজন বলেন, আমি খুবই আনন্দিত যে আইএফএফএম আমাদের চলচ্চিত্র ‘ইলাইজা’ প্রদর্শনের জন্য নির্বাচন করেছে। এটি একটি মর্যাদাপূর্ণ উৎসব, যা দীর্ঘদিন ধরে ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র নির্মাতাদের এবং দর্শকদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে আসছে। ‘ইলাইজা’য় বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার পরিবারের ও প্রবাসী কর্মজীবী মানুষের গল্প বলা হয়েছে, যেসব গল্প সাধারণত মূলধারার চলচ্চিত্রে অনুপস্থিত। আমি আশা করি মেলবোর্নের দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত প্রবাসীরা এই চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন।
অভিনেতা এজাজ আলম বলেন, আমি দীর্ঘ সময় মঞ্চে অভিনয় করেও প্রথমবার চলচ্চিত্রে মূল চরিত্রে কাজ করেছি ‘ইলাইজা’তে। পরিচালক রাজীদের একাগ্রতা ও আন্তরিকতা আমাকে এই ভূমিকা নিতে বাধ্য করেছিল। চলচ্চিত্রটির প্রশংসা পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন