https://www.prothomalony.com/

14301

north-america

উত্তর আমেরিকা

ঝড়-বৃষ্টিতে নিউ জার্সি অচল, রাজ্যজুড়ে জরুরি সতর্কতা জারি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ ০৫:০০

নিউ জার্সিতে বৃহস্পতিবার দুপুর থেকে ভয়াবহ বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় হঠাৎ বন্যা, প্রবল দমকা হাওয়া এবং বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত রাজ্যের ৬,০০০-এরও বেশি বাড়ি ও ব্যবসায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের মধ্য ও উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে ঘণ্টায় ২ ইঞ্চি হারে বৃষ্টি হতে পারে। মোট বৃষ্টিপাত ১ থেকে ৩ ইঞ্চির মধ্যে হতে পারে, তবে কিছু জায়গায় ৫ থেকে ৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে।

বন্যার আশঙ্কায় বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে ফ্লাড ওয়াচ জারি করা হয়েছে। ১৮টি কাউন্টিতে সিভিয়ার থান্ডারস্টর্ম ওয়াচ জারি রয়েছে, যা চলবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। এই ঝড়ের কারণে ঘণ্টায় ৬৫ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে বারগেন, প্যাসাইক ও সাসেক্স কাউন্টি এই সতর্কতার আওতায় নেই।

দুপুরে একটি টর্নেডো সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, শুক্রবার থেকে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তাপমাত্রা কমে প্রায় ৭০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে এবং উত্তর-পূর্ব দিক থেকে ১৫-২৫ মাইল বেগে বাতাস বয়ে আসবে। কিছু এলাকায় হালকা বৃষ্টি ও কুয়াশা অব্যাহত থাকবে।

শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। সপ্তাহান্তে তাপমাত্রা ৮০ থেকে ৮৫ ডিগ্রির মধ্যে থাকবে। আর্দ্রতা কমে যাবে এবং রাতের তাপমাত্রা ৫০-৬০ ডিগ্রির মধ্যে থাকবে।

আবহাওয়াবিদরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে শহরাঞ্চল ও নিচু জমির বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক বন্যার ঝুঁকি বেশি। পানিপথ এড়িয়ে চলতে এবং বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন