https://www.prothomalony.com/

14244

north-america

উত্তর আমেরিকা

উত্তর আমেরিকার চুরাশিয়ানদের তৃতীয় পুনর্মিলনী

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ ০৫:৩৮

উত্তর আমেরিকার চুরাশিয়ানদের বহুল প্রতীক্ষিত তৃতীয় পুনর্মিলনী গত ১৯ জুলাই কানাডার টরন্টোর এজাক্সের অডলি রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও জাম্বিয়া সহ নানা দেশ থেকে প্রায় ৭০ জন চুরাশিয়ান ও তাঁদের পরিবারের সদস্য মিলিত হন এই মিলনমেলায়। প্রায় দেড় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় আবেগঘন, আনন্দময় ও বর্ণাঢ্য উৎসবে।

অনুষ্ঠানের শুরুতে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ইমাম উদ্দিন প্রাণবন্ত স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই মিলনমেলা শুধু একদিনের আয়োজন নয়—এটি আমাদের ভালোবাসার বন্ধন, শিকড়ের টান এবং একে অপরকে ধরে রাখার অঙ্গীকারের প্রতীক।” বিকেল থেকে রাত পর্যন্ত টানা অনুষ্ঠানমালায় ছিল পরিচিতি পর্ব, নৈশভোজ, কবিতা আবৃত্তি, নাটিকা ও মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান। চুরাশিয়ান শিল্পীরা—শিখা রউফ, অমিত রায়, সরোয়ারা হাবিব, রুপতনু, ইলোরা বড়ুয়া, সুজাত বড়ুয়া ও জাকিরের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পরিবেশ। এছাড়া খোন্দকার ইসমাইলের রসবোধপূর্ণ কথাবার্তা ও ফোয়াজ খান রিয়াজের গানে উপস্থিতরা আনন্দে মেতে ওঠেন। আবৃত্তিকার মাহফুজ শিপু, শামস চৌধুরী রুশো ও বন্নার কণ্ঠে কবিতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। মিজান ও সমীরের হাস্যরসে ভরা নাটিকা এবং চুরাশিয়ান সন্তানদের পরিবেশনা ভবিষ্যতের শিল্পী মানসের ইঙ্গিত দেয়।

অনুষ্ঠানে প্রকাশিত হয় বহু প্রতীক্ষিত স্মারক সংকলন ‘বন্ধন চুরাশি’, যেখানে স্থান পেয়েছে স্কুল জীবনের দুর্লভ ছবি, স্মৃতিচারণ ও প্রবাসজীবনের গল্প। উত্তর আমেরিকান চুরাশিয়ান ফোরাম মূলত ১৯৮৪ সালে মাধ্যমিক পাস করা বন্ধুদের নিয়ে গঠিত একটি সংগঠন, যার সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৫০০।

উল্লেখ্য, এর আগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে বাফেলোতে এবং ২০২৪ সালে টেক্সাসে। এবার প্রথমবারের মতো অনুষ্ঠানটি কানাডায় অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ২০২৬ সালের পুনর্মিলনী নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়ে মিলনমেলার পর্দা নামে, তবে থেকে যায় স্মৃতিমাখা মুহূর্তগুলোর উষ্ণতা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন