https://www.prothomalony.com/

14175

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন ২৫০ ডলারের ফি, ছাড় নেই কারও

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫ ১৪:৫৫

যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে চাওয়া পর্যটক, ব্যবসায়িক ব্যক্তি কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এবার নতুন ফি চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর নাম দেওয়া হয়েছে ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’। সদ্য পাশ হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর আওতায় এই ফি আরোপ করা হয়েছে।

সব ধরনের নন-ইমিগ্রান্ট ভিসাধারীকেই এই ফি দিতে হবে। অর্থাৎ যারা স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে যান, যেমন পড়াশোনা, ব্যবসা বা ভ্রমণের উদ্দেশ্যে। নতুন এই ফি যোগ হবে আগের সব ভিসা ফি-র সঙ্গে। তবে ভিসা প্রত্যাখ্যাত হলে এই অর্থ দিতে হবে না।

২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ ডলার। তবে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি চাইলে ফি আরও বাড়ানোর ক্ষমতা রাখেন। ভবিষ্যতে মূল্যস্ফীতি বিবেচনায় এই ফি ধাপে ধাপে বাড়ানো হবে বলেও আইনটিতে উল্লেখ আছে।

এই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকলেও সেটি কঠোর শর্তসাপেক্ষ। ভিসার সকল নিয়ম মেনে চলা এবং মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলেই কেবল টাকা ফেরতের যোগ্যতা তৈরি হবে। তবে এই প্রক্রিয়া কবে শুরু হবে এবং কীভাবে পরিচালিত হবে, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অবৈধভাবে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা ঠেকাতেই এই নতুন ফি চালু করা হচ্ছে। যদিও সরকারি তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত মাত্র ১ থেকে ২ শতাংশ নন-ইমিগ্রান্ট ভিসাধারী নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন। তবে অনুমান করা হয়, বর্তমানে দেশটিতে থাকা প্রায় এক কোটি অবৈধ অভিবাসীর মধ্যে ৪২ শতাংশই ভিসা মেয়াদ শেষ হলেও দেশে ফেরেননি।

এদিকে ইমিগ্রেশন আইনজীবী স্টিভেন এ. ব্রাউন সতর্ক করে বলেছেন, এই ফি বাস্তবে ফেরত পাওয়া কঠিন হতে পারে। তিনি ক্লায়েন্টদের এই অর্থকে ‘অফেরতযোগ্য’ হিসেবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাসোসিয়েশনও এই ফি নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, ভিসা প্রক্রিয়া তো স্টেট ডিপার্টমেন্টের অধীনে, তাহলে হোমল্যান্ড সিকিউরিটি কীভাবে ফি আদায় করবে—তা এখনও অস্পষ্ট।

নতুন এই ফি যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যেসব পরিবার থেকে একাধিক সদস্য ভিসার জন্য আবেদন করেন, তাদের ব্যয় বহুগুণ বেড়ে যাবে। তাছাড়া ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ও ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের মতো বড় আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে ইচ্ছুক পর্যটকদের জন্যও এটি হয়ে উঠতে পারে বাড়তি বাধা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন