https://www.prothomalony.com/

14110

north-america

উত্তর আমেরিকা

ফেডারেল কাটছাঁটে নিউইয়র্কে ৭৫০ মিলিয়ন ডলারের বাজেট ঘাটতি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ০৫:৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত নতুন ফেডারেল বাজেট বিলের কারণে নিউইয়র্ক রাজ্য এবার ৭৫০ মিলিয়ন ডলারের বাজেট ঘাটতির মুখে পড়েছে। আগামী অর্থবছরে এই ঘাটতি বেড়ে ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন রাজ্যের বাজেট পরিচালক ব্লেক ওয়াশিংটন।

বাজেট পরিচালক জানান, বিলটি মেডিকেইড খাতে বড় পরিবর্তন এনেছে এবং নিউইয়র্কে ম্যানেজড কেয়ার প্রতিষ্ঠানের জন্য থাকা একটি কর-ছাড় বন্ধ করে দিয়েছে। যা রাজ্যটি পরবর্তী দুই বছরে ৩.৭ বিলিয়ন ডলার রাজস্ব হিসেবে বিবেচনা করেছিল। এখন সেটি কেবল চলতি অর্থবছরের জন্যই কার্যকর থাকবে।

ব্লেক ওয়াশিংটন বলেন, এই ঘাটতি কর বাড়িয়ে পূরণ করা সম্ভব নয়। আমরা অতীতেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছি, তবে এবার পরিস্থিতি আরও জটিল। তিনি জানান, মেডিকেইড এবং স্নেফ’র মতো সামাজিক কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে।

রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এখনো ধনীদের ওপর কর বাড়ানোর প্রস্তাব নাকচ করে আসছেন। ব্যবসায়িক মহলের উদ্বেগ এবং জনসংখ্যা হ্রাসের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে হোকুল কর বাড়ানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এ অবস্থায় বছরের শেষ দিকে বাজেট সংশোধনের জন্য একটি বিশেষ অধিবেশন ডাকতে পারে রাজ্য সরকার। তবে বাজেট পরিচালক আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় কর্মসূচিতে পরিমার্জনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব হতে পারে।

শেষ খবর অনুযায়ী, বিতর্কিত 'মূল্যস্ফীতি ফেরত চেক' কর্মসূচি চালু থাকবে। যার ব্যয় হবে প্রায় ২ বিলিয়ন ডলার। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন