https://www.prothomalony.com/

14079

north-america

উত্তর আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় গাঁজা খামারে ফেডারেল অভিযানে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১২ জুলাই ২০২৫ ১০:২১

ক্যালিফোর্নিয়ার ক্যামারিলোতে অবস্থিত বৈধ গাঁজা উৎপাদনকারী প্রতিষ্ঠান  গ্লাস হাউস ফার্মস - এ ফেডারেল ইমিগ্রেশন বাহিনীর হঠাৎ অভিযানে এক অভিবাসী শ্রমিক মারা গেছেন১০ জুলাই।  বৃহস্পতিবার সকালের ওই অভিযানের সময় ৩০ ফুট উচ্চতার একটি গ্রীনহাউসের ছাদ থেকে পড়ে যান হাইমি এলানিস নামের ওই শ্রমিক। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অভিযানে প্রায় ২০০ শ্রমিককে আটক করা হয়, যাদের মধ্যে ১০ জন ছিলেন অপ্রাপ্তবয়স্ক। এই ঘটনায় শিশুশ্রম, শ্রমিক নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

গ্লাস হাউস ফার্মস একটি বৈধ লাইসেন্সধারী গাঁজা উৎপাদন কেন্দ্র। অথচ প্রতিষ্ঠানটিতে এতসংখ্যক অনিয়মিত অভিবাসী শ্রমিক এবং শিশু শ্রমিকের উপস্থিতি রীতিমতো বিস্ময়কর। ধারণা করা হচ্ছে, এদের বড় একটি অংশ কোনো রকম কাগজপত্র ছাড়াই শ্রমিক হিসেবে নিযুক্ত ছিল। গ্রীনহাউসের মতো উচ্চ ঝুঁকির কর্মস্থলে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শ্রম করানো হচ্ছিল—হাইমি এলানিসের মৃত্যু তারই এক করুণ উদাহরণ।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফেডারেল বাহিনীর সংঘর্ষও হয়। টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করা হয়, প্রতিবাদকারীদের ভিডিও মুছে ফেলার অভিযোগ ওঠে, এবং কিছু মার্কিন নাগরিকও আটকের শিকার হন। আটককৃতদের অনেকে জানিয়েছেন, তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। যদিও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এ অভিযোগ অস্বীকার করেছে।

আরও উদ্বেগজনক তথ্য হলো—এই অভিযানে যে ১০ জন শিশু শ্রমিক পাওয়া গেছে, তাদের অধিকাংশই একা, অর্থাৎ কোনো অভিভাবক বা প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি ছাড়া কাজ করছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এটি মানব পাচার ও চাইল্ড লেবার সংক্রান্ত অপরাধ তদন্তের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই ঘটনায় শ্রমিক অধিকার সংগঠন ও মানবাধিকারকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স (UFW) জানিয়েছে, এই ধরনের অভিযান অভিবাসী শ্রমিকদের মধ্যে ভয় ছড়িয়ে দিচ্ছে এবং কৃষিপণ্য উৎপাদন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

হাইমি এলানিস ছিলেন মেক্সিকো থেকে আসা একজন অভিবাসী শ্রমিক, যিনি পরিবারে প্রধান উপার্জনকারী ছিলেন। তার মৃত্যুর পর পরিবার "ন্যায়বিচার" দাবি করেছে এবং গাঁজা শিল্পে কর্মরত হাজারো শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন