https://www.prothomalony.com/

13998

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস, চাপ বাড়বে নিম্নবিত্তের ওপর

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ ০৪:১৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত অর্থনৈতিক পরিকল্পনা ‘বিগ, বিউটিফুল বিল’ কংগ্রেসের দুই কক্ষে পাস হয়েছে। ৪ জুলাই, স্বাধীনতা দিবসের দিনই ট্রাম্প এই বিলে স্বাক্ষর করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

সেনেটে ৫১–৫০ ভোটে এবং হাউসে ২১৮–২১৪ ভোটে বিলটি অনুমোদিত হয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই-ব্রেকিং ভোট দিয়ে সিনেটে বিলটি পাশ করান। এটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের একটি প্রধান নীতিগত বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিলটি করপোরেট এবং উচ্চ আয়ের শ্রেণির কর ছাড় স্থায়ী করে এবং সরকার পরিচালিত মেডিকেয়ার, মেডিকেড, গ্রিন এনার্জি ও খাদ্য সহায়তা কর্মসূচিতে বাজেট কাটছাঁট করে। পাশাপাশি, অভিবাসন আইন প্রয়োগ ও সীমান্ত নিয়ন্ত্রণে বরাদ্দ বাড়ানোর ব্যবস্থাও রয়েছে।

কংগ্রেসনাল বাজেট অফিস পূর্বাভাস দিয়েছে, এই বিলের ফলে আগামী ১০ বছরে আমেরিকার জাতীয় ঋণ ৩.৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। স্বাস্থ্য বিমা হারানোর ঝুঁকিতে রয়েছেন অন্তত ১ কোটি ১০ লাখ নাগরিক।

বিশ্লেষকদের মতে, বিলটি মূলত ধনীদের উপকারে আসবে এবং নিম্নবিত্তের উপর আর্থিক চাপ বাড়াবে। টাইম ম্যাগাজিনের জরিপে দেখা যায়, জনমতের ৫৫% বিলটির বিরোধিতা করছে, মাত্র ২৯% সমর্থন জানায়।

ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতা দেখা যায় হাউসে। মাইনরিটি লিডার হাকীম জেফারিস ৮ ঘণ্টার বেশি সময় ধরে বক্তৃতা দেন এবং বিলটিকে ‘ওয়ান বিগ আগলি বিল’ বলে আখ্যায়িত করেন। আল জাজিরার বিশ্লেষণে এই বিলকে “বিতর্কিত, একতরফা ও জনবিচ্ছিন্ন” বলা হয়েছে।

ট্রাম্পের নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “এটি আমেরিকার জন্য ঐতিহাসিক মুহূর্ত। এই বিল আমাদের অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক।” তিনি জানান, স্বাধীনতা দিবসে বিলটিতে স্বাক্ষর করাই হবে তাঁর “জনগণের জন্য উপহার।”

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ পাস হওয়া ট্রাম্পের রাজনৈতিক সাফল্য হলেও, এর দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক চলছে। অনেকেই মনে করছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এই বিল বড় একটি ইস্যু হয়ে উঠবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন