https://www.prothomalony.com/
13903
north-america
উত্তর আমেরিকার প্রবাসী বাংলা ভাষাভাষীদের সাহিত্য ও সংস্কৃতি চর্চার এক অনন্য উদ্যোগ হিসেবে এবার অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা সাহিত্য উৎসব ২০২৫’। আয়োজনে রয়েছেন সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে নিবেদিত কয়েকজন প্রবাসী সাহিত্যপ্রেমী, এবং এতে সক্রিয় অংশগ্রহণ করছে প্রথম আলো উত্তর আমেরিকা পরিবার।
এ উৎসবে উপস্থিত থাকছেন চলমান সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। উৎসবে নিউইয়র্কের প্রকাশনী সংস্থা মুক্তধারাসহ ঢাকা থেকে আসা লেখক প্রকাশকরাও যোগ দিচ্ছেন। উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সাহিত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ লোকজন এ উৎসবে যোগ দিচ্ছেন।
এই সাহিত্য আয়োজনকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকদের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবিতা দিলওয়ার জানিয়েছেন, “উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা একটি প্রাণবন্ত ও সৃজনশীল সাহিত্য পরিবেশ তৈরি করতে চাচ্ছি, যেখানে প্রবাসী সাহিত্যপ্রেমীরা একসঙ্গে মিলিত হবেন।”
আয়োজনে সম্পৃক্ত লেখক ও স্থপতি আনোয়ার ইকবাল বলেন, “এই নির্মল সাহিত্য উদ্যোগ আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। প্রবাসে থেকেও সাহিত্য সংস্কৃতির চর্চা যে কতটা প্রয়োজনীয় ও সম্ভাবনাময়, তা এই আয়োজনেই বোঝা যাবে।”
প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সাহিত্য সম্পাদক এইচবি রিতা, লেখক ভায়লা সালিনা, লেখক সাংবাদিক শেলী জামান খান, সুবীর কাশ্মীর পেরেরা, রোকেয়া দীপা, দিনা ফেরদৌস, কুলসুম আক্তার সুমি, কবি এলি বড়ুয়া এবং কবি-সাংবাদিক হেলাল উদ্দীন রানা, সংগঠক নাজীর উল্লাহ সহ অনেকে এতে অংশ নিচ্ছেন।
আয়োজকেরা জানান, “কবিতার সঙ্গে…” শিরোনামে আয়োজিত এ উৎসবে থাকবে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, এবং অভিজ্ঞতা বিনিময়। এই আয়োজন হবে সাহিত্যিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনের এক উৎসবমুখর মঞ্চ।
স্থান ও সময়:
Holiday Inn Express
6401 Brandon Ave, Springfield, VA 22150
২৯ জুন ২০২৫, রোববার, সকাল ১১টা থেকে শুরু
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন