https://www.prothomalony.com/

13655

north-america

উত্তর আমেরিকা

কনস্যুলার ফি বৃদ্ধিতে বাংলাদেশ সোসাইটির তীব্র প্রতিবাদ

প্রকাশ: ০৪ জুন ২০২৫ ০১:৫৭

কনস্যুলার সার্ভিসের ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সোসাইটি। সংগঠনটি বলছে, এই সিদ্ধান্ত অযৌক্তিক, প্রবাসীবিরোধী এবং আর্থিকভাবে শাস্তিমূলক।

বাংলাদেশ কনস্যুলেটের সেবা গ্রহণে সম্প্রতি বেশ কিছু ফি ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সোসাইটির দাবি, এমন সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত এবং প্রবাসীদের প্রতি এক ধরনের অবহেলার প্রতিফলন।

সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার নিজেকে প্রবাসীবান্ধব দাবি করলেও, এই সিদ্ধান্ত তার সম্পূর্ণ বিপরীত। যারা দিনরাত পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে, সেই প্রবাসীদের প্রতি এমন আচরণ চরম দুঃখজনক।

সংগঠনটি দাবি করেছে, ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে তা আগের অবস্থানে ফিরিয়ে আনা, এমনকি সম্ভব হলে আরও কমানো উচিত। যাতে প্রবাসীরা সরকারি সেবা সহজে নিতে পারেন।

বাংলাদেশ সোসাইটির মতে, সরকারের উচিত প্রবাসীদের সঙ্গে আলোচনা করে মানবিক ও যৌক্তিক নীতিমালা প্রণয়ন করা। যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে এবং প্রবাসীদের আস্থা বজায় থাকে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন