https://www.prothomalony.com/

13562

north-america

উত্তর আমেরিকা

আদালতে উপস্থিতির পর অভিবাসী ছাত্র গ্রেফতার, সিটিজুড়ে ক্ষোভ-সমালোচনা

প্রকাশ: ২৮ মে ২০২৫ ০১:৩০

নিউইয়র্ক সিটিতে ডিলান নামে এক অভিবাসী হাইস্কুল শিক্ষার্থীকে  ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ গ্রেফতার করেছে। এই ঘটনার পর থেকে সিটিজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শহরের শিক্ষার্থী, আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এ ঘটনার তীব্র সমালোচনা করে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছে।

জানা গেছে, গত ২১ মে  তাকে গ্রেপ্তার করা হয়। ডিলান ২০২৪ সালে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে আসেন এবং আশ্রয়ের আবেদন করেন। আইনি অনুমতির মাধ্যমে নিউইয়র্কে মায়ের সঙ্গে বসবাস করে ই-বাইক চালিয়ে আয় করেন এবং স্থানীয় একটি স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। সম্প্রতি একটি রুটিন আদালতের শুনানিতে হাজির হওয়ার সময় আইনি সুরক্ষা না পেয়ে মামলাটি খারিজ হয়ে গেলে দ্রুত বহিষ্কারের প্রক্রিয়ায় পড়েন এবং তাৎক্ষণিকভাবে আইসিই কর্তৃক আটক হন।

ডিলানের মুক্তির জন্য নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনও সরাসরি উত্তর দেননি। অন্যদিকে, ডিলানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন নিউইয়র্কের একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সোশ্যাল মিডিয়ায় ডিলানের গ্রেফতারের কড়া প্রতিবাদ জানিয়েছেন। সিটি কম্পট্রোলার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্র্যাড ল্যান্ডার বলেন, আমি আইসিইর অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিলানের মতো নিউইয়র্কবাসীদের আইনি সুরক্ষা এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কাজ করব। রাজ্য প্রতিনিধি জোহরান মামদানি টুইটে লিখেছেন, এরিক অ্যাডামসের নীরবতা এবং সহযোগিতা আমাদের এখানেই নিয়ে এসেছে। ডিলানকে এখনই মুক্তি দিন। ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ও সিটি কম্পট্রোলার প্রার্থী মার্ক লেভাইনও ডিলানের দ্রুত মুক্তির দাবি জানিয়ে একটি পোস্ট করেছেন।

এই ঘটনার পর নিউইয়র্ক সিটির শত শত হাইস্কুল শিক্ষার্থী ‘উই দ্যা স্টুডেন্টস’ নামক শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠনের আহ্বানে ইউনিয়ন স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। তারা বলেছে, এই প্রতিবাদ ‘অ্যান্টি-ট্রাম্প কিন্তু অদলীয়’— শিক্ষাব্যবস্থা, অভিবাসন নীতি এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। শিক্ষার্থীরা জোর দিয়ে বলেন, এটি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা নয়, বরং মানবাধিকার রক্ষার জন্য তাদের সংগ্রাম।

নিউইয়র্ক সিটির শিক্ষা প্রশাসন জানিয়েছে, যারা ক্লাস ছেড়ে প্রতিবাদে অংশ নিয়েছে তাদের অনুপস্থিতি হিসেবে চিহ্নিত করা হবে। তবে তারা শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার সম্মান জানায়।

আইনি বিশ্লেষকরা বলছেন, ডিলানের গ্রেফতার ঘটনা মার্কিন অভিবাসন নীতির কঠোর বাস্তবতার এক দৃষ্টান্ত। যেখানে আইনি সহায়তার অভাব এবং দ্রুত বহিষ্কারের নীতিমালা অভিবাসীদের জন্য এক কঠিন ও অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন