https://www.prothomalony.com/

13503

north-america

উত্তর আমেরিকা

পাঁচ বছরে আমেরিকায় গিয়ে ফেরেননি ২৫ লাখ মানুষ

প্রকাশ: ২২ মে ২০২৫ ০২:১২

ভ্রমণের অনুমতিপত্র নিয়ে আমেরিকায় গিয়ে নির্ধারিত সময় শেষে আর ফিরে আসেননি এমন মানুষের সংখ্যা গত পাঁচ বছরে প্রায় পঁচিশ লাখ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের (ডিএচএস) প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

প্রতিবছর ডিএচএস যে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায়, অনেকেই নির্ধারিত মেয়াদ শেষ হলেও দেশে ফিরে যান না। ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীর সংখ্যা বেড়েই চলেছে। ২০১৯ সালে প্রায় সাত লাখ মানুষ সময় পার হলেও ফিরে যাননি। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৬ লাখ ৮৪ হাজারের বেশি।

২০২২ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৫৩ হাজারে, যা আগত ব্যক্তিদের ৩.৬৭ শতাংশ। ২০২৩ অর্থবছরে অনুমোদিত সময়ের পরে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ভিজিটরের সংখ্যা ছিল ৫ ল্খ ৬৫ হাজার ১৫৫ জন, যা মোট আগত ভিজিটরের ১.৪৫ শতাংশ। ২০২৪ ও ২০২৫ অর্থবছরের জন্য এখনো কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

সাধারণত, ডিএইচএস প্রতিবছর পূর্ববর্তী অর্থবছরের ওভারস্টে সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে। তাই ২০২৪ অর্থবছরের প্রতিবেদন ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এবং ২০২৫ অর্থবছরের প্রতিবেদন ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নানা সূত্রের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই পাঁচ বছরে প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের অনুমতিপত্র নিয়ে গিয়ে আর ফেরেননি। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি ভিসা নিয়ে গিয়ে সময় শেষ হওয়ার পরেও ফেরত না আসা ব্যক্তিরাই এখন যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীর অন্যতম প্রধান উৎস।

প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পরিসংখ্যান অনুযায়ী বোঝা যায়, বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই শ্রেণিতে পড়েন।

সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই ইচ্ছাকৃতভাবে আমেরিকায় থেকে যান কর্মসংস্থান বা রাজনৈতিক আশ্রয়ের আশায়। কেউ কেউ আবার মহামারির সময়ে বিমানসেবা না পাওয়া বা ব্যক্তিগত সমস্যার কারণে ফিরতে পারেননি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন