https://www.prothomalony.com/

13436

north-america

উত্তর আমেরিকা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ: ১৬ মে ২০২৫ ০৭:৫০

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। গত ১১ মে রোববার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে দাবা, ক্যারম ও লুডু খেলায় বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

 

দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন চ্যানেল এস-এর বার্মিংহাম প্রতিনিধি মোঃ আতিকুর রহমান এবং রানার আপ হন মোহাম্মাদ শামিম আহমেদ। ক্যারম প্রতিযোগিতায়ও মোঃ আতিকুর রহমানই চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন, যা ছিল তার টানা দ্বিতীয় জয়।

 

লুডু খেলায় চমক দেখান জান্নাতুল ফিরদৌস তুলি। পরপর ছক্কা মেরে চ্যাম্পিয়ন হন তিনি। রানার আপ হন মো. বদরুজ্জামান বাবুল।

 

সন্ধ্যায় প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশি সাংবাদিকরা দেশে এবং প্রবাসে দাবা খেলার প্রসারে যে ভূমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবু মুসা হাসান, সভাপতি মাহমুদ মাজেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন এবং নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল।

 

পুরস্কার বিতরণ করেন ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট ইউকে কমিটির প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন, ভাইস চেয়ারম্যান মিছবাহ জামাল এবং প্রেস ক্লাবের আজীবন সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা।

 

ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের তত্ত্বাবধানে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক সহযোগিতা করেন এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ ও সাহিদুর রহমান সোহেল।

 

এই আয়োজনের স্পনসর ছিল ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন (বিবিসিএ) ও ডটপ্রিন্ট প্রিন্টিং কোম্পানি। অনুষ্ঠানে বিবিসিএ ঘোষণা দেয়, প্রেস ক্লাব সদস্যরা মাত্র ১০ পাউন্ড বার্ষিক ফি দিয়ে তাদের সদস্য হতে পারবেন। এছাড়া সাংবাদিক মিছবাহ জামাল ঘোষণ দেন, পরবর্তী টুর্নামেন্টের জন্য ‘সানরাইজ’ ও ‘স্পেকট্রাম বাংলা রেডিও’ থেকে ৫০০ পাউন্ড স্পনসর করা হবে।

 

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, খেলাধুলা শরীর ও মনকে চাঙা রাখে। ক্লাব সদস্যদের সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন