https://www.prothomalony.com/
13404
north-america
প্রকাশ: ১৪ মে ২০২৫ ০৭:৩১
বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাইফ মোহাম্মদ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট থেকে ফিনান্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ চমকপ্রদ বিষয় হলো, সাধারণত দুই বছরের এই কোর্সটি তিনি মাত্র এক বছরেই সম্পন্ন করেছেন, যা তার নিষ্ঠা, অধ্যবসায় ও মেধার অনন্য প্রমাণ।
গত ১২ মে (সোমবার) ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাম্পাসে এক জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। সাইফের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশি অভিবাসী সমাজের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

এর আগে, ২০২৪ সালের ৪ মে, একই বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিভাগে চার বছরের ব্যাচেলর অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন তিনি। সে সময় তিনি একযোগে গোল্ড এবং সিলভার মেডেল লাভ করেন, যা তার শিক্ষাজীবনের শুরু থেকেই অসাধারণ দক্ষতার স্বীকৃতি বহন করে।
সাইফ কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টামফোর্ড শহরে তার বাবা মোহাম্মদ সাঈদুল হক (সাঈদ) এবং মা জোহুরা বেগম রহীম-এর সঙ্গে বসবাস করছেন। তারা দীর্ঘদিন ধরেই প্রবাসজীবনে নিজ সন্তানকে সুশিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
ছেলের এমন অসামান্য কৃতিত্বে আবেগাপ্লুত সাইফের বাবা বলেন, আমার বিশ্বাস, এই অর্জন শুধু আমাদের পরিবারের জন্য নয়, বরং সমগ্র বখতিয়ারবাসীর জন্য এক আনন্দের খবর। সাইফ আগামী দিনে কর্মক্ষেত্রেও সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদী।
তার মা জোহুরা বেগম রহীম বলেন, ছেলেকে দেখে গর্বে চোখে জল আসে। তার এই অর্জন যেন আরও অনেক বাংলাদেশি শিক্ষার্থীর অনুপ্রেরণার উৎস হয়।
পরিবারের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলের কাছে সাইফের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে, যাতে তিনি ভবিষ্যতেও তার প্রতিভা ও কঠোর পরিশ্রম দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন