https://www.prothomalony.com/

13393

north-america

উত্তর আমেরিকা

বিশ্ববাজারে স্বস্তির বার্তা: যুক্তরাষ্ট্র-চীন শুল্ক কমানোর পথে

প্রকাশ: ১৪ মে ২০২৫ ০২:৫৪

যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য উত্তেজনা নিরসনে ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১২ মে) এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দুই দেশ। এতে বলা হয়েছে, ‘দীর্ঘমেয়াদে টেকসই ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা জরুরি’-এই উপলব্ধির ভিত্তিতেই দুই দেশ এ চুক্তিতে পৌঁছেছে।’

গত সপ্তাহান্তে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা আলোচনায় বসেন। আলোচনার পর সোমবার জেনেভায় সংবাদ সম্মেলনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘আমরা একটি ৯০ দিনের বিরতিতে একমত হয়েছি এবং পারস্পরিক শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হচ্ছে।’

চুক্তির আওতায় দুই দেশই তাদের শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘আমাদের পারস্পরিক শুল্ক হার এখন ১০ শতাংশে নেমে আসছে এবং চীন তাদের পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থাও তুলে নিচ্ছে।’

যদিও চুক্তি অনুযায়ী চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কার্যকর শুল্ক হার থাকবে ৩০ শতাংশ, চীনের ক্ষেত্রে এটি ১০ শতাংশে নামিয়ে আনা হবে। এই সিদ্ধান্ত আগামী বুধবার (১৪ মে) থেকে কার্যকর হবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াতে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ ভবিষ্যতে নিয়মিত আলোচনার জন্য একটি যৌথ কাঠামো তৈরি করবে, যা চীন, যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে।

চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং রোববার সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি এবং গুরুত্বপূর্ণ এক মতৈক্যে পৌঁছেছি।’

হোয়াইট হাউসও চুক্তির কথা স্বীকার করেছে, যদিও বিস্তারিত তখন জানানো হয়নি।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক ব্যবস্থা বৈশ্বিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছিল। নতুন এই সমঝোতা আংশিক স্বস্তি দিলেও সামনের দিনগুলোতে স্থায়ী সমাধানের জন্য আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দিয়েছে উভয় পক্ষ।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন