https://www.prothomalony.com/
13391
north-america
যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় পর ডিমের দামে স্বস্তি ফিরে এলেও তা এখনও সাধারণ ভোক্তার নাগালের বাইরে রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে ডিমের গড় মূল্য ১২.৭ শতাংশ কমে দাড়িয়েছে ডজনপ্রতি ৫.১২ ডলারে। যা মার্চে ছিল রেকর্ড ৬.২৩ ডলার।
মার্কিন সরকারের কনজ্যুমার প্রাইস ইনডেক্স প্রকাশিত তথ্য অনুযায়ী, এই প্রথম অক্টোবর ২০২৪-এর পর ডিমের দামে মাসিক ভিত্তিতে পতন ঘটেছে। তবে তুলনামূলক দিক দিয়ে দেখলে, গত বছরের এপ্রিলের তুলনায় এবারের দাম প্রায় ৭৯ শতাংশ বেশি। ২০২৪ সালের এপ্রিল মাসে ডজনপ্রতি ডিমের গড় মূল্য ছিল ২.৮৬ ডলার।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিমের দামে এই স্বস্তি সাময়িক হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লু সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৬৯ মিলিয়নের বেশি পাখি। যেকোনো খামারে বার্ড ফ্লু ধরা পড়লেই পুরো খামারের মুরগি নিধন করা হয়। ফলে ডিমের উৎপাদনে বড় ধাক্কা লাগে।
এপ্রিল মাসে ওহায়ো এবং সাউথ ডাকোটার দুটি খামারে বার্ড ফ্লু সংক্রমণে ৯ লাখ ২৭ হাজার ডিমপাড়া মুরগি নিধন করা হয়। যদিও ইস্টার ও পাসওভারের মতো ধর্মীয় উৎসবের কারণে এপ্রিল মাসে চাহিদা কিছুটা বেশি ছিল। তারপরও দামে এই কমতি কিছুটা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
ভোক্তারা আশা করছেন, পরবর্তী মাসগুলোতে বার্ড ফ্লুর প্রভাব কমলে ডিমের বাজার আরও স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য তা আরও সাশ্রয়ী হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন