https://www.prothomalony.com/

13338

north-america

উত্তর আমেরিকা

কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট প্রথম আমেরিকান পোপ নির্বাচিত: নাম নিলেন লিও চতুর্দশ

প্রকাশ: ০৮ মে ২০২৫ ১৫:৫৩

ইতিহাসে প্রথমবারের মতো একজন আমেরিকান রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট পোপ হিসেবে নির্বাচিত হয়ে নতুন নাম গ্রহণ করেছেন 'পোপ লিও চতুর্দশ'।
৬৯ বছর বয়সী এই নতুন পোপ বৃহস্পতিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকার বিখ্যাত বারান্দায় উপস্থিত হয়ে বললেন, “আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক!” তিনি বলেন, তার শান্তির বার্তা যেন “আপনাদের হৃদয়ে প্রবেশ করে, আপনাদের পরিবার এবং পৃথিবীর যেখানেই মানুষ আছে, সবার কাছে পৌঁছায়।”
রবার্ট প্রেভোস্ট তার নির্বাচক কার্ডিনালদের ধন্যবাদ জানান এবং বক্তব্য দেন ইতালীয়, স্প্যানিশ ও ল্যাটিন ভাষায়। বহু বছর পেরুতে কাজ করার কারণে তিনি দক্ষিণ আমেরিকার দেশটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। 
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রার্থনা পরিচালনা করেন। সিসটিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতেই পিটার্স স্কোয়ারে উপস্থিত হাজারো মানুষের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে — জানিয়ে দিল, নতুন পোপ নির্বাচিত হয়েছেন। বিশাল স্ক্রিনে ধোঁয়ার দৃশ্য দেখা যায়, এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টা বেজে ওঠে।
নির্বাচনের দ্বিতীয় দিনেই এই ফল আসে — “কনক্লেভ” নামে পরিচিত এই প্রক্রিয়ায় ১৩৩ জন কার্ডিনাল ভোট দেন। অনেকে আগে থেকে সম্ভাব্য অন্যদের নাম বললেও, একজন আমেরিকানের নির্বাচিত হওয়াটা অপ্রত্যাশিত ছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন পোপকে অভিনন্দন জানিয়ে বলেন,“এটা বিশাল সম্মানের বিষয় যে তিনি প্রথম আমেরিকান পোপ। আমাদের দেশের জন্য কত গর্বের!” শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন**, পোপের জন্মস্থান থেকে বলেছেন, “সব চমৎকার জিনিসই শিকাগো থেকে আসে — এমনকি পোপও!”
পোপ লিও চতুর্দশ রোমে পড়াশোনা শেষে ১৯৮৫ সালে পেরুতে যান। পেরুর সংবাদপত্রগুলো জানায়, তিনি দেশটির নাগরিকও। তিনি সেখানে মিশনারি হিসেবে কাজ শুরু করে পরে উত্তর পেরুর চিকলায়ো শহরের বিশপ নিযুক্ত হন।
রোমে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন নতুন পোপের ঘোষণার ঐতিহাসিক মুহূর্তটির জন্য। নির্বাচনের পর, সবচেয়ে সিনিয়র কার্ডিনাল নতুন নির্বাচিত পোপকে জিজ্ঞাসা করেন, “আপনি কি সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে আপনার নির্বাচন গ্রহণ করেন?”
পোপ সম্মতি দিলে তাকে আবার জিজ্ঞাসা করা হয়, “আপনি কোন নাম নিতে চান?”
পরে তাকে পোপীয় পোশাক পরানো হয় এবং সকল কার্ডিনালরা আনুগত্যের প্রতিশ্রুতি দেন। এর পর ল্যাটিন ভাষায় ঘোষণা দেওয়া হয়:
“Annuntio vobis gaudium magnum: Habemus Papam!”
(“আমি তোমাদের মহান আনন্দের সংবাদ দিচ্ছি: আমাদের একজন পোপ আছেন!”)
নতুন পোপ বিশ্বজনীন আশীর্বাদ প্রদান করে অনুষ্ঠান শেষ করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন