https://www.prothomalony.com/

13261

north-america

উত্তর আমেরিকা

সাবিরুন ইসলাম তুহিনকে কারাগারে পাঠানো জিয়া পরিবারের বিরুদ্ধে চক্রান্ত'

প্রকাশ: ০১ মে ২০২৫ ০৭:৫০

যুক্তরাষ্ট্রে বিএনপির অন্যতম নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে সাবিরুন ইসলাম তুহিনকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামিন না দিয়ে কারাগারে পাঠানো একটি গভীর চক্রান্তের অংশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি জিয়া পরিবারকে হেয় ও দুর্বল করার উদ্দেশ্যে করা হয়েছে।
 
গিয়াস আহমেদ অভিযোগ করেন, একই ধরনের মামলায় জামায়াত নেতা নায়েবে আমির তাহেরসহ অনেকের মামলা বাতিল হয়েছে কিংবা জামিন দেওয়া হয়েছে, অথচ তুহিনকে পরিকল্পিতভাবে সে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটিয়েছেন, যেখানে তিনি নানা কষ্ট সহ্য করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থেকেছেন।
 
তিনি বলেন, তুহিন আইন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের দপ্তরে তা আটকে রাখা হয়েছে, যা বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি উদাহরণ। গিয়াস আহমেদ আরও বলেন, বর্তমান সরকারের পতনের পরও তাদের দোসররা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে রয়ে গেছে এবং তারা ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।
 
তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা ভোটচোর, খুনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তা পতনের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। গিয়াস আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গণতন্ত্র আবার বিপন্ন হয়, তবে ১৯৭১ ও ২০২৪ সালের চেতনায় নতুন করে আন্দোলন গড়ে তুলে তা রক্ষা করা হবে।
 
তিনি অবিলম্বে সাবিরুন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রত্যাহার দাবি করেন এবং তাকে ন্যায়বিচার প্রদানের আহ্বান জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন