https://www.prothomalony.com/
13214
north-america
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ ০৭:৪০
সাউথ আফ্রিকার অনারারি কনসালের সাথে বিদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে নানাবিদ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন ব্যবসায়ী মোহাম্মদ নাঈম ইকবাল।
সাউথ আফ্রিকার অনারারি কনসাল মো. সোলায়মান আলম শেঠ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের ভোগ্যপণ্যের অন্যতম প্রতিষ্ঠান ‘মেসার্স ফজল দিন ইকবাল দিন’ (ইকবাল স্টোর) এর পরিচালক মোহাম্মদ নাঈম ইকবাল। এই সময় দুজনের মধ্যে দেশের ভোগ্যপণ্যের আমদানি-রপ্তানি, বিদেশে বিনিয়োগ, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
চট্টগ্রামের খুলশীর জাকির হোসেন রোডের রিপাবলিক অব সাউথ আফ্রিকার কনসুলেট অফিসে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতে ব্যবসায়ী মোহাম্মদ নাঈম ইকবাল দেশের গন্ডি পেরিয়ে বিদেশে ব্যবসা করার ক্ষেত্রে নানাবিদ চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি আসন্ন কোরবানির ঈদে কম দামে সাধারণ মানুষের মাঝে ভালোমানের পণ্য সরবরাহ করা নিয়ে নিজের নানা পরিকল্পনার কথা জানান। সোলায়মান আলম তার সকল উদ্যোগ ও পরিকল্পনার প্রশংসা করেন।
সোলায়মান আলম শেঠ বলেন, ইকবাল স্টোর চট্টগ্রামের খুবই পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আশা করছি তারা ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে আগামীতেও পণ্যের গুণগত মান ঠিক রাখবে।
এই সময় তিনি আসন্ন কোরবানির ঈদে সকল শ্রেণি পেশার মানুষেরা যাতে কম টাকায় মসলাজাতীয় পণ্যসহ নিত্য-প্রয়োজনীয় সবকিছুই কিনতে পারেন, সেদিকে ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান।
ইকবাল স্টোরের পরিচালক মোহাম্মদ নাঈম ইকবাল বলেন, বাড়তি মুনাফা আদায় করা নয়, আমাদের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের হাতে ভালো মানের পণ্যটি কম মূল্যে তুলে দেওয়া। সাউথ আফ্রিকাসহ বিশ্বের নানান দেশের সঙ্গে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে আমদানি-রপ্তানিতে বড় অবদান রাখতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।
প্রসঙ্গত, ৭৯ বছর ধরে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে মেসার্স ফজল দিন ইকবাল দিন। রেয়াজউদ্দিন বাজারের এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে ইকবাল স্টোর নামে সুপরিচিত।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন