https://www.prothomalony.com/

13103

north-america

উত্তর আমেরিকা

ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো বইমেলা, ২৭ সংগঠন নিয়ে সভা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ ২৩:২৮

‘আলোকিত জাতি ও সুন্দর পৃথিবী গড়তে বই পড়ার বিকল্প নেই’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ফিলাডেলফিয়া বইমেলার প্রথম পরামর্শ সভা। গত শনিবার (১২ এপ্রিল) নর্থইস্ট ফিলাডেলফিয়ার উন্দাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বইমেলার সময়সীমা, উদ্দেশ্য, প্রাসঙ্গিকতা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 

আয়োজক কমিটির পক্ষে মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ সভার শুরুতে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, নিউইয়র্ক বইমেলা আগামী মাসেই অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে ফিলাডেলফিয়াতেও একটি বইমেলা আয়োজন সময়ের দাবিতে পরিণত হয়েছে। স্বল্প সময়ের নোটিশেও সভায় যে আগ্রহ ও অংশগ্রহণ দেখা গেছে, তাতে বইমেলা আয়োজনের সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক।

সভাটি পরিচালনা করেন কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব কামরুল হাসান। তিনি বলেন, বইমেলা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের সঙ্গে যুক্ত করার একটি মহৎ সামাজিক উদ্যোগ। তিনি ফিলাডেলফিয়াবাসীর দীর্ঘদিনের সুপ্ত আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে কবি আহমেদ সায়েম, আবৃত্তিকার আব্দুল হাফিজ চৌধুরী এবং জহুরা খাতুন কলিকে বিশেষ ধন্যবাদ জানান।

সভায় বৃহত্তর ফিলাডেলফিয়ার ১২টি সংগঠনের প্রতিনিধি সরাসরি এবং ৬টি সংগঠনের প্রতিনিধি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সর্বমোট ২৭টি সংগঠন বইমেলা আয়োজনের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করে। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ সরাসরি এবং ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন এবং বইমেলা আয়োজনের প্রতি উৎসাহ ও সহমর্মিতা প্রকাশ করেন।

বিশেষ কাজে ব্যস্ত থাকায় বইমেলা সংক্রান্ত পূর্ব পরিকল্পনায় সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে দুজন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ড. জিয়াউদ্দিন আহমেদ ও ড. ইবরুল চৌধুরী বইমেলার পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় যেসব সংগঠন বইমেলার প্রতি সমর্থন জানিয়েছে, তাদের মধ্যে রয়েছে: বিএডিবি, বিটিএসপি, বিসিপি, বেসাপ, বিএসপি, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পিএ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি, বাংলাদেশি কমিউনিটি ফোরাম অব পিএ, বৃহত্তর কুমিল্লা সোসাইটি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অব বাংলাদেশি কমিউনিটি, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি, গোলাপগঞ্জ সোসাইটি, বৃহত্তর রংপুর সোসাইটি, বৃহত্তর দিনাজপুর সোসাইটি, সপ্তক সংগীত নিকেতন, সিলেট সদর অ্যাসোসিয়েশন, নরসিংদী সোসাইটি, কুষ্টিয়া সোসাইটি, চট্টগ্রাম অ্যাসোসিয়েশন, নর্থইস্ট বিডি ক্লাব, নিবাস, নেক্সটজেন বাংলাদেশি কমিউনিটি অব পেনসিলভানিয়া, নর্থপেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি অব পেনসিলভানিয়া–ল্যান্সডেল এবং নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন।

আলোচনার বিভিন্ন পর্যায়ে নর্থইস্ট ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো বইমেলা আয়োজনের গুরুত্ব ও সম্ভাবনা আলোচনায় উঠে আসে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ২০২৫ সালের মে মাসের শেষ সপ্তাহে ফিলাডেলফিয়ায় বইমেলা অনুষ্ঠিত হবে। সফল আয়োজন নিশ্চিত করতে দ্রুত একটি জুম সভার মাধ্যমে কমিটি গঠন ও ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন