https://www.prothomalony.com/

13098

north-america

উত্তর আমেরিকা

মিয়ানমার থেকে ২০ বাংলাদেশি ও ৫৫ জনের উদ্ধারকারী দলের দেশে প্রত্যাবর্তন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:১৮

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের এমআইটিটি বন্দর থেকে রোববার (১৩ এপ্রিল) ২০ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র অভিযানে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। অসাধু দালালরা এসব অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছিল। পথিমধ্যে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পর, বাংলাদেশ দূতাবাস আজকের প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করে। গত কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক অবস্থায় ছিলেন।

একই জাহাজে মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য আগত ৫৫ সদস্যের দলটিও ১০ দিন ব্যাপী কার্যক্রম শেষ করে বাংলাদেশে ফিরছে। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন দলটির সব সদস্যকে তাদের কার্যক্রমের মাধ্যমে মিয়ানমারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।  

মনোয়ার হোসেন ২০ জন বাংলাদেশি তরুণের হস্তান্তর কার্যক্রম চলাকালে বন্দরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের যাচাই-বাছাই করে দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এ প্রসঙ্গে মনোয়ার হোসেন সম্প্রতি মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

তিনি বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমনেচ্ছু সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এবং সন্দেহজনক বা প্রতারণামূলক চাকরির প্রলোভনে না পড়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, গত দুই বছরে বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন মিয়ানমার থেকে ৩৫২ জন বাংলাদেশিকে সফলভাবে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। সর্বশেষ প্রত্যাবাসন কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছিল গত ২৮ সেপ্টেম্বর, যখন ৮৫ জন বাংলাদেশি দেশে ফেরত যান। প্রত্যাবাসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বন্দরে উপস্থিত থেকে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, নাগরিকত্ব যাচাই এবং প্রত্যাবাসনকারীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেন।

বিএনএস সমুদ্র অভিযান মিয়ানমারের ভূমিকম্প দুর্গত জনগণের জন্য ১২০ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে গত শুক্রবার (১১ এপ্রিল) ইয়াংগুন আসে। জাহাজটি আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌছাবে বলে আশা করা যায়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন