https://www.prothomalony.com/

12931

north-america

উত্তর আমেরিকা

স্বাধীনতা দিবসে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ ১০:২৮

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস আলোচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটসে ভ্যালেন্স রোডের পিউর চা-ইয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে ও মিজানুর রহমান মীরুর পরিচানায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ নম্বর সেক্টরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. আমীর খান।

তিন ৭১’-র শহীদের আত্মত্যাগ এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করেন।  

অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের কবিতা ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ আবৃত্তি করেন ফাহমিদা খাতুন ও স্বরচিত কবিতা ‘আমি স্বাধীনতটাকে খুঁজছি’ পাঠ করেন মুহাম্মদ শাহেদ রাহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক  সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সাহেদা রহমান, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, সদস্য শামীম আশরাফ।

সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের ভূমিকার সার্বিক চিত্র তুলে ধরেন। ৭১’-র স্বাধীনতার সময় দেশি-বিদেশী সাংবাদিকদের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে ভবিষ্যতে একটি সেমিনারের আয়োজন করার প্রস্তাব করেন তারা।

সভায় উপস্থিত কলামিস্ট জিয়াউল সৈয়দ, রিপোর্টার্স ইউনিটির সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমসের রিপোর্টার সুহেল আহমদ, সাংবাদিক মুন্না মিয়া, মুহাম্মদ এফ ইসলাম, সৈয়দ মামুন।

ইফতারের পূর্বে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন কবিরুল ইসলাম। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য মিজানুর রহমান খালেদ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন