https://www.prothomalony.com/

12929

north-america

উত্তর আমেরিকা

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে পালিত হল স্বাধীনতা ও জাতীয় দিবস

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ ০৯:৫৪

 বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

এদিন সকালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাসের প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর, মুক্তিযুদ্ধের সব শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরবর্তী দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পড়েন।

রাষ্ট্রদূত তালহা মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে শাহাদত বরণকারী ছাত্র-জনতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একটি বৈষম্যবিরোধী এবং সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে সাধারণ ছাত্র-জনতার অভীষ্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফলে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তাকে ভূলুণ্ঠিত করবার জন্য দেশের স্বার্থবিরোধী নানা ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিষয়ে সজাগ থাকতে হবে।’

একইসাথে তিনি সকল প্রবাসীকে বৈধপথে অব্যাহতভাবে রেমিটেন্স পাঠানোর বিষয়ে উদ্বুদ্ধ করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন