https://www.prothomalony.com/
12668
north-america
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫ ০২:৩৪
নিউইয়র্কের জন এডামস হাইস্কুলে একুশে ফেব্রুয়ারির স্মরণে বেঙ্গলি স্টুডেন্টস এসোসিয়েশন-এর আয়োজনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুইন্সের ওজন পার্কে স্কুলের প্রিন্সিপাল কিউবেরো অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ছাত্রছাত্রীদের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে স্কুলের শিক্ষক, ছাত্রদের অভিভাবক এবং শতাধিক দর্শক শ্রোতার অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর একুশের গানের সঙ্গে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠানের বিভিন্ন অংশে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের পটভূমির ওপর আলোকপাত করা হয়। নাচ, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কবি হাসানআল আব্দুল্লাহ, যিনি শহীদদের স্মরণে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের এসিস্ট্যান্ট প্রিন্সিপাল মিস রড্রিগাজ, গাইডেন্স কাউন্সিলর মিস মুনিয়োজ এবং ইএনএল শিক্ষক মিস রোমেরো। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন মিস উরশি পল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট প্রকাশক, নালন্দা প্রকাশনির রেদওয়ান জুয়েল।
পুরো অনুষ্ঠানের পরিকল্পনা ও তত্ত্বাবধান করেন স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বেঙ্গলি স্টুডেন্টস এসোসিয়েশনের পরিচালক কবি নাজনীন সীমন। শহীদ মিনার নির্মাণে সহায়তা করেন স্কুলের আরেক বাঙালি শিক্ষক রাশেদ চৌধুরী। বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলা এই আয়োজনে উপস্থিত সবাই এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হন।
বেঙ্গলি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মাশরিফ হেসেন ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমবেত কণ্ঠে 'আমি বাংলায় গান গাই' পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন